মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার ও আলোচনাসভা
পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘আজহার স্টুডেন্টস ফোরাম’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২ মার্চ) ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসের মারকাজুজ তাদবির হলে কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
সাকিব মনিরুজ্জামান আজহারীর সভাপতিত্বে এবং হুজায়ফা মামদূহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান মিল্কি আল-আজহারী।ঐতিহ্যবাহী কামান দাগিয়ে ইফতার: ইফতারের প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে মিশরের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রথা ‘মাদফা আল-ইফতার’ বা কামান দাগানোর আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কামানের গম্ভীর ধ্বনি কায়রোর আকাশে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেন। এরপর খেজুর দিয়ে ইফতার সম্পন্ন করে খোলা আকাশের নিচে মাগরিবের নামাজ আদায় করেন শিক্ষার্থীরা।
আলোচনা ও দেশীয় আমেজ: ইফতারের মূল পর্বে শিক্ষার্থীদের জন্য দেশীয় খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী ওবায়দা বিন আশরাফ এবং নাতে রাসুল পরিবেশন করেন মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আফছারুল হোসাইন এবং মাওলানা রেজাউল ইসলাম আজহারী। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা শরীফ সালাহউদ্দিন।
বক্তাদের আহ্বান: আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ-বাস্তবতা উপলব্ধি করে আল-আজহারে আগমনের মূল লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক সচেতনতা ও দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।













