সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

খামেনি হত্যায় ফুঁসছে ইরান

‘টার্গেট কিলিং’ নয়, যুদ্ধের বিস্তার ঠেকাতে প্রয়োজন কূটনৈতিক সাহস

মিরন নাজমুল প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:১৩ পিএম
‘টার্গেট কিলিং’ নয়, যুদ্ধের বিস্তার ঠেকাতে প্রয়োজন কূটনৈতিক সাহস

খামেনির হত্যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন এক বিপজ্জনক বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। এটি কেবল একটি রাষ্ট্রের শীর্ষ নেতাকে লক্ষ্য করে চালানো হামলা নয়; বরং আঞ্চলিক রাজনীতিতে শক্তি প্রয়োগের প্রবণতা যে কতটা গভীরে পৌঁছে গেছে তারই প্রতীক। এমন ঘটনা প্রমাণ করে, প্রতিপক্ষকে সামরিকভাবে নিশ্চিহ্ন করার চিন্তা যখন কূটনীতির জায়গা দখল করে নেয়, তখন পুরো অঞ্চল অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত হয়।

আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু। তাকে ঘিরে দেশটির রাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং আঞ্চলিক প্রভাবের বিস্তার নির্মিত হয়েছে। ফলে তার হত্যাকাণ্ডের অর্থ কেবল একটি ব্যক্তির মৃত্যু নয়; বরং একটি রাষ্ট্রের কাঠামো, আত্মপরিচয় ও প্রতিরোধ মনোভাবকে সরাসরি চ্যালেঞ্জ করা। ইতিহাস বলছে, এ ধরনের টার্গেটেড হামলা কখনো সংঘাত কমায় না; বরং প্রতিশোধের চক্রকে আরও তীব্র করে।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রতিশোধ একটি পরিচিত বাস্তবতা। একটি হামলার জবাবে আরেকটি হামলা, একটি হত্যার প্রতিক্রিয়ায় আরেকটি হত্যাকাণ্ড—এই চক্র বহু দশক ধরে অঞ্চলটিকে অস্থিতিশীল করে রেখেছে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা, অর্থনীতি এবং রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামরিক শক্তির প্রদর্শন স্বল্পমেয়াদে রাজনৈতিক সন্তুষ্টি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা কেবল নতুন যুদ্ধের বীজ বপন করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি এর প্রভাব। যদি রাষ্ট্রনেতাদের লক্ষ্য করে হামলা চালানো একটি গ্রহণযোগ্য কৌশলে পরিণত হয়, তবে বিশ্ব রাজনীতিতে নিরাপত্তার ধারণাই ভেঙে পড়বে। তখন আর কোনো সংলাপ, কোনো চুক্তি বা কোনো আস্থা টিকিয়ে রাখা সম্ভব হবে না। শক্তির ভাষা যখন একমাত্র ভাষায় পরিণত হয়, তখন কূটনীতি অর্থহীন হয়ে পড়ে।

অথচ ইতিহাস অন্য পথের কথাও বলে। ইরানের পরমাণু চুক্তি হোক বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধবিরতি—সংলাপের মাধ্যমে সবচেয়ে কঠিন সংকটও সাময়িক হলেও প্রশমিত হয়েছে। কূটনীতি ধীর, জটিল এবং অনেক সময় অজনপ্রিয়; কিন্তু সেটিই একমাত্র পথ যা রক্তপাত বন্ধ করতে পারে। যুদ্ধের মাধ্যমে কেউ স্থায়ী বিজয় অর্জন করতে পারেনি, কিন্তু আলোচনার টেবিল বহুবার নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

আজ প্রয়োজন প্রতিশোধের ভাষা পরিহার করে বাস্তবতার মুখোমুখি হওয়া। আঞ্চলিক শক্তিগুলোর উচিত উত্তেজনা না বাড়িয়ে আন্তর্জাতিক মধ্যস্থতার পথ খোলা রাখা। বিশ্বশক্তিগুলোরও দায়িত্ব রয়েছে—সংঘাতকে নিজেদের কৌশলগত প্রতিযোগিতার হাতিয়ার না বানিয়ে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা।

একজন নেতার হত্যাকাণ্ড যদি নতুন যুদ্ধের সূচনা করে, তবে তা মানবতার পরাজয়। কিন্তু সেই ঘটনাকে যদি কূটনৈতিক পুনর্বিবেচনার সুযোগ হিসেবে নেওয়া যায়, তবে তা হতে পারে নতুন এক শান্তি প্রক্রিয়ার সূচনা। মধ্যপ্রাচ্য আজ সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে—অস্ত্রের শব্দে ভবিষ্যৎ নির্ধারিত হবে, নাকি আলোচনার টেবিলে নতুন পথ রচিত হবে, সেই সিদ্ধান্ত এখনই নিতে হবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক