সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইরানের সঙ্গে উত্তেজনা চরমে: সিরিয়া, কাতার ও বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম
ইরানের সঙ্গে উত্তেজনা চরমে: সিরিয়া, কাতার ও বাহরাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যে কৌশলগত অবস্থান পুনর্বিন্যাস শুরু করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য ঝুঁকি এড়াতে কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানো হচ্ছে, একই সঙ্গে সিরিয়া থেকেও ধাপে ধাপে বাহিনী প্রত্যাহারের প্রস্তুতি চলছে। বিশ্লেষকদের মতে, এটি মূলত প্রতিরক্ষামূলক পদক্ষেপ হলেও সামগ্রিক পরিস্থিতি নতুন সংঘাতের আশঙ্কা উসকে দিচ্ছে।

পেন্টাগনের একাধিক সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে ইতিমধ্যে কয়েক শ সেনাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই ঘাঁটিতে সাধারণত প্রায় ১০ হাজার সেনা মোতায়েন থাকে। একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বাহরাইনেও, যেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর অবস্থিত।

এর আগে খবর আসে, সিরিয়ায় থাকা প্রায় এক হাজার মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দক্ষিণ সিরিয়ার কৌশলগত আল-তানফ ঘাঁটি থেকে সরে আসার বিষয়টি আগেই নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই সিরিয়া থেকে সেনা কমানোর প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা না মিললেও সামরিক বিশ্লেষকেরা মনে করছেন, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো অভিযান চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা তাদের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কা রয়েছে। জাতিসংঘে পাঠানো এক বার্তায় ইরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটি আক্রান্ত হলে অঞ্চলের সব শত্রু ঘাঁটি বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

তবে কাতার, বাহরাইন ও সিরিয়ায় উপস্থিতি কমালেও ইরাক, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে এখনো মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। একই সময় অঞ্চলে নৌ ও বিমানশক্তি বাড়ানোর পদক্ষেপও চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। নতুন করে একটি বিমানবাহী রণতরী সেখানে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজন হলে অল্প সময়ের মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতায় না এলে হামলার হুমকি দিয়েছেন।

অন্যদিকে সিরিয়া থেকে সেনা সরানোর পেছনে ভিন্ন রাজনৈতিক ও সামরিক হিসাবও কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির নিরাপত্তা কাঠামো পুনর্গঠন এবং কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে জাতীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার লক্ষ্যে একটি সমঝোতার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতাকে সিরিয়ার ভাঙন কমিয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জোরদারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান একদিকে পুনর্বিন্যাস করা হচ্ছে, অন্যদিকে যুদ্ধ প্রস্তুতিও জোরদার রাখা হয়েছে—যা অঞ্চলজুড়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক