ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আলোচনা হয়েছে অন্য গ্রুপে রাখার
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান চূড়ান্তভাবে জানার লক্ষ্যে আইসিসির একটি প্রতিনিধিদল আজ শুক্রবার ঢাকায় এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করেছে। দেড় ঘণ্টার রুদ্ধদ্বার এই আলোচনার পরও নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে বিসিবি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বৈঠকে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের মোট নয়জন প্রতিনিধি অংশ নেন। বৈঠক শেষে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না। বিসিবির এই অবস্থান আইসিসিকে জানানো হয়েছে এবং বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাটি শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।
এর আগে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু স্পষ্ট করে বলেছিলেন, নিরাপত্তাজনিত কারণেই বাংলাদেশ তাদের অবস্থান পরিবর্তন করবে না। তার ভাষ্য অনুযায়ী, শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
বিশ্বকাপ নিয়ে এই সিদ্ধান্তের পর থেকেই বিসিবি ও আইসিসির মধ্যে অনলাইনে আলোচনা চলছিল। সেই ধারাবাহিকতায় আজ ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। এছাড়া ভিসাজনিত জটিলতায় সরাসরি উপস্থিত হতে না পারলেও অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে তারা আবারও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে রাখার বিষয়টিও আলোচনায় আসে।
বৈঠকে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আইসিসির প্রতিনিধিরা বিসিবির বক্তব্য শোনার পরও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানায়নি। আইসিসি সভাপতি জয়ের শাহর সঙ্গে আলোচনা শেষে দ্রুতই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই পক্ষই আলোচনার পথ খোলা রাখার ব্যাপারে একমত হয়েছে।













