নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন দেশের ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বুধবার রাতে অনলাইন সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চললেও প্রথম বিভাগ ক্রিকেটসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর কোনো সমাধান হয়নি। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে এক বোর্ড পরিচালকের মন্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক ও অগ্রহণযোগ্য বলে মনে করছেন তাঁরা।
মিঠুন জানান, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। তাই অবিলম্বে এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করা হয়েছে। তিনি বলেন, বিপিএলের প্রথম ম্যাচের আগেই যদি তিনি সরে না দাঁড়ান, তাহলে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
সম্প্রতি সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে করা একটি মন্তব্যের মাধ্যমে এম নাজমুল ইসলাম ব্যাপক বিতর্কের জন্ম দেন। এরপর বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে তাঁর আরও কিছু বক্তব্য নতুন করে সমালোচনার মুখে পড়ে। বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিশ্বকাপে সম্ভাব্য ব্যর্থতা ও ক্রিকেটারদের খরচ নিয়ে করা মন্তব্যও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ক্রিকেটারদের সংগঠনের মতে, এসব বক্তব্য কেবল ব্যক্তিগত নয়, বরং পুরো ক্রিকেট সম্প্রদায়ের মর্যাদাকে ক্ষুণ্ন করছে। তাই তারা বিষয়টিকে আর উপেক্ষা করতে রাজি নয় এবং কঠোর কর্মসূচির পথে হাঁটার ঘোষণা দিয়েছে।













