শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে সিরিজে সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১১:১৪ এম
শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে সিরিজে সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ

শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে সমান ২১৩ রান করে ম্যাচ টাই করে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টাই হওয়া ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ১০ রান করে। জবাবে ১ উইকেটে ৯ রান করে হেরে যায় বাংলাদেশ। সুপার ওভারে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচ ৭৪ রানে জিতেছিল বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোন আন্তর্জাতিক ম্যাচ টাই হয়েছে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক বাংলাদেশ। দলকে ২৮ বলে ২২ রানের শুরু এনে দিয়ে বিচ্ছিন্ন হন সাইফ হাসান ও সৌম্য সরকার। ১টি ছক্কায় ৬ রান করেন সাইফ। দ্বিতীয় উইকেটে সাবধানে খেলে ৩৬ বলে ১৯ রান যোগ করেন সৌম্য ও তাওহিদ হৃদয়। ১১তম ওভারে সৌম্য-হৃদয়ের জুটি ভাঙেন স্পিনার গুদাকেশ মোতি। ২ চারে ১২ রান করেন হৃদয়।
দলীয় ৪১ রানে হৃদয় ফেরার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সৌম্য। বড় জুটির ইঙ্গিত দিয়েও বেশি দূর যেতে পারেননি তারা। ৪১ বলে ২৭ রান যোগ হবার পর আউট হন শান্ত। ২টি বাউন্ডারিতে ১৫ রান করে স্পিনার অ্যালিক আথানাজের শিকার হন তিনি। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেই ক্যাচ দিয়ে জীবন পান আগের ম্যাচে অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কন। শূন্যতে জীবন পেয়েও ২টি চারে ১৭ রানের বেশি করতে পারেননি অঙ্কন। তার বিদায়ের পর সাজঘরে ফিরেন এক প্রান্ত আগলে খেলা সৌম্য।

আকিলকে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে পাইরিকে ক্যাচ দেন তিনি। ৮৯ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪৫ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলেন সৌম্য। ৩৩ রানে ক্যাচ দিয়ে জীবনও পেয়েছিলেন তিনি। ১০৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। উইকেট পতন ঠেকিয়ে পরপর দুই জুটিতে ৬০ রান পায় টাইগাররা। ষষ্ঠ উইকেটে নাসুম আহমেদকে নিয়ে ২৫ এবং সপ্তম উইকেটে নুরুল হাসানের সাথে ৩৫ রান যোগ করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। জুটিতে নাসুম ১৪ ও নুরুল ২৩ রানে আউট হলে, ৪৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩ রান। এ অবস্থায় বাংলাদেশের ২শ করা অনিশ্চিয়তার মুখে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কিন্তু ইনিংসের শেষ ২ ওভারে ব্যাট হাতে চার-ছক্কার বন্যা বইয়ে দেন আগের ম্যাচের হিরো রিশাদ হোসেন। মোতির করা ৪৯তম ওভারে ২টি ছক্কা ও ১টি চারে ১৮ এবং আকিলের শেষ ওভারে ১টি করে চার-ছক্কায় ১৬ রান তুলেন রিশাদ। তার ১৪ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংসের উপর ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৪৭তম ওভারে ক্রিজে আসা রিশাদের ৩টি করে চার-ছক্কায় সাজানো ইনিংসে স্ট্রাইক রেট ছিল   ২৮৭.৫৭।
১টি চারে ৫৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের মোতি ৩টি, আকিল ও আথানাজে ২টি করে উইকেট নেন। ২১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় বলে ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খোলার আগেই বাংলাদেশ স্পিনার নাসুম আহেমেদের শিকার হন ওপেনার ব্রান্ডন কিং।
শুরুর ধাক্কা দারুণভাবে সামাল দেন আরেক ওপেনার আথানাজে ও কেসি কার্টি। ৭৮ বলে ৫১ রানের জুটি গড়েন তারা। আথানাজে ও কার্টিকে লেগ বিফোর আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান স্পিনার রিশাদ। ৪টি চারে আথানাজে ২৮ এবং ২টি চার ও ১টি ছক্কায় ৩৫ রান করেন কার্টি।  দলীয় ৮২ রানের মধ্যে আথানাজে-কার্টি ফেরার পর দ্রুত আরও ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আকিম আগস্তেকে ১৭ ও শেরফানে রাদারফোর্ডকে ৭ রানে বিদায় দেন স্পিনার তানভীর ইসলাম। এরপর জুটি গড়ার চেষ্টায় ২৫ রান যোগ করেন অধিনায়ক শাই হোপ ও মোতি। ৫ রানের ব্যবধানে মোতি ও চেজকে হারালে ১৩৩ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম উইকেটে ৬৫ বলে ৪৪ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা বাঁচিয়ে রাখেন হোপ ও জাস্টিন গ্রেভস। ব্যক্তিগত ২৬ রানে মিরাজের সরাসরি থ্রো রান আউট হন গ্রেভস। গ্রেভস যখন ফিরেন তখন ২ উইকেট হাতে নিয়ে ৩১ বলে ৩৭ রান দরকার পড়ে ওয়েস্ট ইন্ডিজের। এরপর শেষ ২ ওভারে জয়ের সমীকরণ ১৪ রানে নামিয়ে আনেন হোপ ও আকিল হোসেন। মুস্তাফিজের করা ৪৯তম ওভার থেকে ৯ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এতে শেষ ওভারে জয়ের জন্য ৫ রান দরকার পড়ে ক্যারিবীয়দের। স্পিনার সাইফের করা শেষ ওভারের প্রথম ৫ বল থেকে ১ উইকেট হারিয়ে ২ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। শেষ বলে ৩ রানের প্রয়োজনে ২ রান নিতে পারেন স্ট্রাইকে থাকা পেইরি। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৩ রান করে ম্যাচ টাই করে ক্যারিবীয়রা। ফলে টাই হওয়া ম্যাচ সুপার ওভারে গড়ায়। হোপ অপরাজিত ৫৩ রান করেন।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ১১ রানের টার্গেটে প্রথম ৩ বলে ৬ রান তুলে বাংলাদেশ। চতুর্থ বলে আউট হন সৌম্য। পঞ্চম বলে ১ রান আসলে শেষ ডেলিভারিতে ৪ রান দরকার পড়ে টাইগারদের। পরের ডেলিভারি ওয়াইড হয়। আর শেষ বল থেকে ৩ রানের দরকারে সাইফ ১ রান নিতে পারলে ম্যাচ হারে বাংলাদেশ। আগামী ২৩ অক্টোবর একই ভেন্যুতে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২১৩/৭, ৫০ ওভার (সৌম্য ৪৫, রিশাদ ৩৯*, মোতি ৩/৬৫)।
ওয়েস্ট ইন্ডিজ : ২১৩/৯, ৫০ ওভার (হোপ ৫৩*, কার্টি ৩৫, রিশাদ ৩/৪২)।
সুপার ওভার :ওয়েস্ট ইন্ডিজ : ১০/১, ১ ওভার।
বাংলাদেশ : ৯/১, ১ ওভার।ফল : ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে জয়ী।সিরিজ : তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা।

তথ্য, বাসস

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক