গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকেরা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি পালন করে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে আগের দিনের তুলনায় জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। তবে কয়েক মিনিটের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ দ্রুত সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের এলাকার আটটি কারখানা বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। মহাসড়কটির বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীরচালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, অন্যান্য দিনের তুলনায় জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় কারখানা চালু আছে এবং শ্রমিকেরা কাজ করছেন। উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।









