মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়

এক চার্জে ৪০০ কিলোমিটার উড়বে চীনের বৈদ্যুতিক বিমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম
এক চার্জে ৪০০ কিলোমিটার উড়বে চীনের বৈদ্যুতিক বিমান

চীনে তৈরি ১৯ আসনের একটি বৈদ্যুতিক বিমান চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়নের পর এবার প্রথমবারের মতো দুই পাইলট ও পরীক্ষক নিয়ে সফলভাবে আকাশে উড়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের বিনঝৌ শহরে ১০ টন ওজনের বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।

বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে অবস্থান করে ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে। নির্মাতা দলের দাবি, পুরো পরীক্ষায় কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। বিমানের সব কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বিমানটির চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছিল। সিই-২৫এ নামের বিমানটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক)। এটি প্রতিষ্ঠানটির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান।

মূলত কাছাকাছি শহরগুলোর মধ্যে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বিমানটি তৈরি করা হয়েছে। এতে একসঙ্গে ১৯ জন যাত্রী চলাচল করতে পারবেন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম বিমানটি একবার চার্জ দিলে ৪০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে।

বিমানটির ডানার ওপর স্থাপন করা বিশেষ বৈদ্যুতিক পাখা বা ফ্যানের সাহায্যে এটি চলবে। এর নকশা ও প্রযুক্তি উন্নয়নে কম্যাকের সঙ্গে কাজ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান।

এ পর্যন্ত বিমানটির ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। এবার পাইলটসহ উড্ডয়নেও সফলতা পেল এটি।

বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি পেতে নির্মাতারা প্রয়োজনীয় সনদের জন্য আবেদন করেছেন। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আবেদনটি গ্রহণ করেছে। তবে বাণিজ্যিক চলাচল শুরুর আগে বিমানটিকে আরও কয়েকটি পরীক্ষার ধাপ অতিক্রম করতে হবে।

বৈদ্যুতিক শক্তিচালিত এই বিমান সফল হলে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। প্রচলিত জ্বালানির পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করায় বিমান চলাচলে জ্বালানির ব্যবহার কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

পর্তুগালে অভিবাসীদের আগমন কমেছে ৮৫ শতাংশ এবং জমে থাকা ৯৮ শতাংশ আবেদন নিষ্পত্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:২০ এম
পর্তুগালে অভিবাসীদের আগমন কমেছে ৮৫ শতাংশ এবং জমে থাকা ৯৮ শতাংশ আবেদন নিষ্পত্তি

পর্তুগালের নতুন অভিবাসন নীতির প্রথম পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। অভিবাসন প্রবাহের বৃদ্ধির হার ৮৫ শতাংশ কমেছে এবং দীর্ঘদিন ধরে জমে থাকা পুরোনো অভিবাসন আবেদনের ৯৮ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে।  পর্তুগালের সংসদে সরকারি শুনানিতে নতুন অভিবাসন নীতির অগ্রগতির এসব তথ্য তুলে ধরেন প্রেসিডেন্সিমন্ত্রী আন্তোনিও লেইতাও আমারো।

মন্ত্রী জানান, অভিবাসন নিয়ন্ত্রণের অর্থ পর্তুগালের দরজা বিদেশিদের জন্য বন্ধ করে দেওয়া নয়। বরং দেশের অর্থনৈতিক চাহিদা এবং বিদেশিদের সামাজিকভাবে অন্তর্ভুক্ত করার সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসন পরিচালনা করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, নতুন অভিবাসন নীতির রূপান্তরের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটির বিমানবন্দরগুলোতে অভিবাসন নিয়ন্ত্রণের সক্ষমতা ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে পিএসপির অধীনে ন্যাশনাল ইউনিট ফর ফরেনার্স অ্যান্ড বর্ডার্সের জনবল বাড়ানো হয়েছে। সীমান্ত নিয়ন্ত্রণ ও দেশের অভ্যন্তরে তদারকি জোরদার করতে জিএনআরের কার্যক্রমও সম্প্রসারণ করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পুরোনো অভিবাসন আবেদন নিষ্পত্তির বিষয়ে মন্ত্রী জানান, প্রায় ৪ লাখ ৪৫ হাজার ম্যানিফেস্তাসাঁও দে ইন্তেরেসে আবেদনের মধ্যে মাত্র প্রায় ৫ হাজার এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তাঁর দাবি, বাকি ৯৮ শতাংশ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। যেসব আবেদন এখনো ঝুলে আছে, তার বড় একটি কারণ সংশ্লিষ্ট আবেদনকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য বা জবাব না পাওয়া।

এদিকে আশ্রয় ও আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থাতেও পরিবর্তনের কথা জানিয়েছে সরকার। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ২ হাজার ৭০০টি নতুন আশ্রয় আবেদন প্রাথমিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। ২০২৬ সালে সেই সংখ্যা কমে প্রায় ৮০০-তে নেমে এসেছে। এর মধ্যে প্রায় ৪০০টি আবেদন পরবর্তী প্রক্রিয়ার জন্য গ্রহণ করা হয়েছে।

অভিবাসীদের সামাজিক অন্তর্ভুক্তির বিষয়টিও নতুন নীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন মন্ত্রী। বিশেষ করে স্কুলগুলোতে অভিবাসী শিক্ষার্থীদের সহযোগিতার জন্য মধ্যস্থতাকারী বা মিডিয়েটরের সংখ্যা ২০২৪ সালের ৩০০ থেকে বাড়িয়ে চলতি শিক্ষাবর্ষে ৪০০ করা হয়েছে।

পর্তুগালের জাতীয় স্বাস্থ্যসেবা বা এসএনএসে বিদেশিদের চিকিৎসা পাওয়ার অধিকার নিয়েও বক্তব্য দেন আন্তোনিও লেইতাও আমারো। তিনি স্পষ্ট করে বলেন, বৈধ রেসিডেন্স পারমিট থাকা কোনো ব্যক্তি অসুস্থ হলে চিকিৎসা পাওয়ার অধিকার রাখেন। স্বাস্থ্যসেবার অপব্যবহার বা তথাকথিত স্বাস্থ্য পর্যটন এবং পর্তুগালে বৈধভাবে বসবাসকারী বিদেশিদের চিকিৎসার প্রয়োজনীয়তা এক বিষয় নয় বলেও তিনি উল্লেখ করেন।

নিয়মিত শ্রম অভিবাসন ব্যবস্থার আওতায় বিদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তাদের স্বাস্থ্যবিমা নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি ভবিষ্যতে কিছু ক্ষেত্রে কর্মীদের নিজ দেশেই পর্তুগালে আসার আগে স্বাস্থ্য পরীক্ষা করার সম্ভাবনা নিয়েও সরকার চিন্তাভাবনা করছে।

সব মিলিয়ে পর্তুগাল সরকার একদিকে অভিবাসন নিয়ন্ত্রণ এবং অবৈধ অভিবাসন প্রতিরোধ জোরদার করছে, অন্যদিকে বৈধ অভিবাসীদের সামাজিক অন্তর্ভুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলছে। তবে সরকারের এই পরিসংখ্যানের বাস্তব প্রতিফলন কতটা কার্যকরভাবে অভিবাসীদের দৈনন্দিন জীবন, রেসিডেন্স পারমিট এবং পারিবারিক পুনর্মিলনের প্রক্রিয়ায় দেখা যাবে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন ফিলিস্তিনি নেতা আহমেদ তিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ পিএম
ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন ফিলিস্তিনি নেতা আহমেদ তিবি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট পার্টির চেয়ারম্যান আহমেদ তিবি। গত মাসের নির্বাচনে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী দলগুলো ঐতিহাসিক সাফল্য অর্জনের পর গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পেলেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থি ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদোর লিবারম্যান ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার (১৬ নভেম্বর) নেসেটের পররাষ্ট্রবিষয়ক ও প্রতিরক্ষা কমিটি এ তথ্য জানিয়েছে।

আহমেদ তিবি তাল পার্টির নেতা। দলটি জয়েন্ট লিস্ট জোটের অংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রসঙ্গত, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) গত মাসের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। নির্বাচনে দল দুটি পার্লামেন্টে মোট ১৯টি আসন পেয়েছে।

 

ড্রোন-এআই ও সাইবার যুদ্ধে সক্ষমতা বাড়াতে সেনাপ্রধানের নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:২৮ পিএম
ড্রোন-এআই ও সাইবার যুদ্ধে সক্ষমতা বাড়াতে সেনাপ্রধানের নির্দেশ

আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত পরিস্থিতি ও নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সিগন্যালস কোরকে ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিএন্ডএস) ‘কোর অব সিগন্যালস’-এর বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন সেনাপ্রধান।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এ সময় আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও সময়োপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কোরের সব সদস্যকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

সম্মেলন শেষে সেনাপ্রধান সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবিত প্রকল্পগুলো ঘুরে দেখেন তিনি।

এ ছাড়া শহীদ ক্যাপ্টেন আব্দুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে কোরের পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য এবং দেশের জন্য বিভিন্ন সময়ে রাখা অবদান ও অর্জনের বিষয়গুলো তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সিগন্যালস কোরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক