সাইবার হামলার ঝুঁকিতে বন্ধ এনআইডি সার্ভার
পিএইচপি প্রোগ্রামিং ভাষায় গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৮ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি তৈরি হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সার্ভার বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধানে কারিগরি দল কাজ করছে। দ্রুত সার্ভারটি পুনরায় চালু করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, কারিগরি দল সার্ভার সচল করার কাজ করছে। এক ঘণ্টার মধ্যে এটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কবার্তা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ।
জানা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দুটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপির প্রায় এক দশক পুরোনো একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেন। এ ঘটনার পর ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জরুরি সতর্কতা জারি করে।
এরপর হ্যাকিংয়ের আশঙ্কায় উইকিমিডিয়া, যুক্তরাজ্য সরকার, ফ্রান্সের অরেঞ্জ এবং ফিনল্যান্ড সরকারসহ বিশ্বের শত শত ওয়েবসাইট সাময়িকভাবে নিজেদের সেবা বন্ধ করে দেয়।










