আগামী ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়াতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রলোভন থেকে দেশকে মুক্ত রাখতে হবে। দালালের খপ্পরে পড়ে অনেকেই প্রতারণা ও জীবনঝুঁকির মুখে পড়েন। তাই বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও উল্লেখ করেন, জেলা ও উপজেলা পর্যায়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা এবং বিদেশগামী কর্মীরা যাতে হয়রানি বা প্রতারণার শিকার না হন, সে বিষয়েও মন্ত্রণালয় কঠোর তদারকি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
এর আগে একাডেমিতে পৌঁছে মন্ত্রী একটি ফলজ গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি একাডেমির তৈরি পোশাক কারখানা, প্যান্ট্রি এবং বিভিন্ন প্রশিক্ষণ বিভাগ ঘুরে দেখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানসহ আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







