গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১২ জন।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৭ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩১ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে এ বছর মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জন।