ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর ৩টার মধ্যে কোনো একসময় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়েছিল। এরপর থেকে তিনি গুরুগ্রাম পুলিশের হেফাজতে ছিলেন। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। বাড়ি থেকে বের হওয়ার আগেই পুলিশ সেখানে পৌঁছে যায়।
প্রতিবেদন অনুযায়ী, প্রথমে তাঁকে যন্তর মন্তরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তবে তিনি তাতে রাজি হননি। এরপরই পুলিশ তাঁকে আটক করে। শনিবার রাত পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁকে কোথায় রাখা হয়েছিল, সে বিষয়েও কিছু জানা যায়নি।
এদিকে সিজেপির তিন প্রধান মুখ অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে শনিবার বিমানবন্দর থেকে আটক করে দিল্লি পুলিশ। মুম্বাই থেকে তাঁদের বহনকারী বিমান দিল্লিতে অবতরণের পর পুলিশকর্মীরা বিমানের ভেতরে প্রবেশ করেন। সেখান থেকেই তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয়। শনিবার রাত পর্যন্ত তাঁদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।
রোববার সকালে দিল্লি পুলিশের পক্ষ থেকে সিজেপিকে জানানো হয়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সকালে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের হাজির করা হয়। তবে ধ্রুব রাঠির ক্ষেত্রে পুলিশ এ ধরনের পদক্ষেপ নেয়নি।










