বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে চালু হলো স্টারলিংক মোবাইল সেবা, ইলন মাস্কের উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৬ পিএম
বাংলাদেশে চালু হলো স্টারলিংক মোবাইল সেবা, ইলন মাস্কের উচ্ছ্বাস

বাংলালিংকের অবকাঠামোর সঙ্গে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট-টু-মোবাইল প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক মোবাইল সেবা চালু হয়েছে। এই যুগান্তকারী অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

  • স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেক জানিয়েছেন, এই প্রযুক্তির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চল, দুর্গম চরাঞ্চল এবং সামুদ্রিক সীমানার মতো টাওয়ারবিহীন এলাকার মানুষও সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করতে পারবেন।
  • দক্ষিণ এশিয়ার মধ্যে এটিই প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালুর ঘটনা।
  • প্রাকৃতিক দুর্যোগ বা বিদ্যুৎ বিপর্যয়ের কারণে প্রচলিত সেলুলার নেটওয়ার্ক অচল হয়ে পড়লেও ফোরজি স্মার্টফোন ও বাংলালিংক সিম ব্যবহার করে গ্রাহকেরা জরুরি বার্তা ও লোকেশন শেয়ারিং সুবিধা উপভোগ করতে পারবেন।

স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত, স্ত্রী পলাতক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:২৫ পিএম
স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত, স্ত্রী পলাতক

মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে রাশেদুল ইসলাম (৩৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী হাসনা আক্তার পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলামের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি পরিবার নিয়ে ধল্লা গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা চিৎকারের শব্দ শুনে এগিয়ে গিয়ে ঘরের ভেতর রাশেদুলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তমাখা ছুরি ও অন্যান্য আলামত উদ্ধার করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নিহতের কিশোরী মেয়ে পুলিশকে জানায়, সকালে তার বাবা-মায়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবার আর্তচিৎকার শুনে সে ও তার ভাই এগিয়ে গেলে মায়ের হাতে একটি ছুরি দেখতে পায় এবং তার বাবা পেট চেপে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মা পালিয়ে যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও পলাতক স্ত্রীকে গ্রেপ্তারে পুলিশের প্রক্রিয়া চলছে।

শেখ হাসিনা কখনো দেশে ফিরবেন না: রাশেদ খান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম
শেখ হাসিনা কখনো দেশে ফিরবেন না: রাশেদ খান

ফাঁসির দড়ির ভয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খান সাফ জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দলটির কোনো ধরনের রাজনৈতিক পুনর্বাসন বা সমঝোতার সুযোগ নেই।

বক্তব্যে তিনি জামায়াতে ইসলামী এবং অভ্যুত্থানের কয়েকজন ছাত্রনেতার রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না বলে সতর্ক করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিগত আন্দোলনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

উজির আলী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং কলেজের অধ্যক্ষ নাহিদা আক্তার।

মিশরে বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ পিএম
মিশরে বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রবাসী কওমি শিক্ষার্থীদের সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ (আওসবি)।

​বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী কায়রোর নাদিউজ জাহির মিলনায়তনে ‘আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে। সংগঠনের সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াবের সভাপতিত্বে এবং আব্দুল বাসেত নাদীমের পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতেই কুরআন তিলাওয়াত করেন ক্বারী রায়হান উদ্দিন ও মুহসিন আহমদ মাহদী এবং ইসলামী সংগীত পরিবেশন করেন ওবায়দুল্লাহ আল আহরার।অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আবু আদনান মহিবুর রহমান, মোশাররফ হোসেন, আব্দুল আজিজ তরফদার, আব্দুর রহমান মোতালেব ও মিসবাহুল হক মেরাজী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামসুল হুদা, দৈনিক আমার দেশের সহকারী সম্পাদক আলী হাসান তৈয়ব, সাইফুর রহমান ও তাসদিদ বিন আব্দুল ওয়াদুদ। কৃতী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও মাহবুবুল আলম।

শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা
সেমিনারের দ্বিতীয় পর্বে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও এমফিল অর্জনকারী, স্নাতক সম্পন্নকারী এবং একাডেমিক ফলাফলে এক্সিলেন্ট, ভেরি গুড ও টপ টেন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী শতাধিক বাংলাদেশি কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
​এছাড়া বাংলাদেশ থেকে আল-আজহারের অধীনে ইমাম প্রশিক্ষণে অংশ নেওয়া ছয়জন ইমাম এবং ‘দশ কেরাত’-এর সনদ অর্জনকারী ক্বারী রায়হান উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে ও আওসবি সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে সংগঠনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে এমন চমৎকার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করা বিভিন্ন অনুষদের শীর্ষ ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭ জনই বাংলাদেশি—যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এটি শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার উজ্জ্বল প্রমাণ।

​শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান। পাশাপাশি জ্ঞানার্জনের সঙ্গে সঙ্গে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। তিনি আশ্বাস দেন, মিশরে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস সবসময় পাশে থাকবে।

​নৈতিকতা ও মূল্যবোধ চর্চার আহ্বান

সভাপতির সমাপনী বক্তব্যে আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব ২০২৬ সেশনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। তিনি কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং প্রবাসজীবনে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

​শেষে আখতারুজ্জামানের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, অতিথি ও প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিতদের ঐতিহ্যবাহী বাঙালি খাবারে আপ্যায়ন করা হয়।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক