চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ এখন খেলাপির আওতায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত তিন মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এ সময় সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা।
তবে আগের তিন মাসের তুলনায় সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা। বিপরীতে একই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।