ইন্দোনেশিয়ার একটি ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৯ জন। আগুনে পুড়ে যাওয়া কারখানাটি থেকে ২৪টি মরদেহবাহী ব্যাগ উদ্ধার করে সরিয়ে নিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় মোট কতজনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গত ২১ নভেম্বর সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং জেলার চিকান্দে শহরে পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে কারখানাটির বড় একটি অংশ পুড়ে যায়।
নিখোঁজ কর্মীদের খুঁজে বের করতে সোমবার (২৩ নভেম্বর) সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মীরা। রোববার রাতে অভিযান স্থগিত রাখা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, কারখানাটি ইন্দোনেশিয়ার ইউনাইটেড ফ্যামিলি ফুড কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই কারখানায় অগ্নিকাণ্ডের সময় প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া।
কারখানা কর্তৃপক্ষের ধারণা, তিনতলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই তলায় কর্মরত ছিলেন ৬৫ জন। তাঁদের মধ্যে ২৪ জন বাড়ি ফিরেছেন, ২৯ জন নিখোঁজ রয়েছেন এবং চারজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। বাকি আটজনের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের ভয়াবহতায় উদ্ধার করা মরদেহগুলো খালি চোখে শনাক্ত করা যাচ্ছে না। এ পরিস্থিতিতে নিখোঁজ কর্মীদের স্বজনদের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী থেকেও ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। শনাক্তকরণের কাজ সম্পন্ন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
পুলিশের ভাষ্য, একটি মরদেহবাহী ব্যাগের মধ্যে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকতে পারে। ফলে অগ্নিকাণ্ডে নিহতের প্রকৃত সংখ্যা এখনই নির্ধারণ করা যাচ্ছে না। এর আগে রোববার প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এদিকে কারখানা ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ার আশঙ্কা থাকায় উদ্ধারকাজ পরিচালনায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
ইউনাইটেড ফ্যামিলি ফুড ইন্দোনেশিয়াজুড়ে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন প্রায় পাঁচ হাজার কর্মী।