সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

গ্রিসের স্বপ্নে সাগরযাত্রা, মৃত্যুর দুয়ার থেকে মিশরে ৫৫ বাংলাদেশি

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ এম
গ্রিসের স্বপ্নে সাগরযাত্রা, মৃত্যুর দুয়ার থেকে মিশরে ৫৫ বাংলাদেশি

ইউরোপে পৌঁছানোর স্বপ্নে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন ৫৫ বাংলাদেশি। মাত্র ৪০ জন ধারণক্ষমতার একটি রাবারের নৌযানে ৬৩ জন যাত্রী নিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা করে ভয়াবহ বিপদের মধ্যে পড়েন তাঁরা। শেষ পর্যন্ত ফিলিপাইনের একটি বাণিজ্যিক জাহাজ তাঁদের উদ্ধার করে মিশরের পোর্ট সাঈদ বন্দরে নিয়ে আসে।

​বর্তমানে এই ৫৫ বাংলাদেশি পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারের হেফাজতে রয়েছেন। গ্রিসে পৌঁছানোর স্বপ্ন পূরণ না হলেও প্রাণে বেঁচে ফেরাকে তাঁরা বড় স্বস্তি হিসেবে দেখছেন। একই সঙ্গে তাঁরা এখন দ্রুত ও নিরাপদে দেশে ফিরতে চান।
​উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ আগস্ট ৫৫ বাংলাদেশি ও ৮ সুদানি নাগরিকসহ মোট ৬৩ জন লিবিয়ার তবরুক এলাকা থেকে একটি রাবারের নৌযানে গ্রিসের উদ্দেশে রওনা হন। একটি স্পিডবোট ইঞ্জিনের সাহায্যে পরিচালিত নৌযানটিতে কোনো কার্যকর নেভিগেশন ব্যবস্থা ছিল না। মানবপাচারকারীরা ২৪ থেকে ২৫ ঘণ্টার মধ্যে পৌঁছানোর আশ্বাস দিলে ওই বিপজ্জনক নৌযানে ওঠেন তাঁরা।

কিন্তু যাত্রা শুরুর প্রায় চার ঘণ্টা পরই নৌযানটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলে একটি এয়ার চেম্বার থেকে দ্রুত বাতাস বের হতে শুরু করে। প্রায় ১২ ঘণ্টা পর বাতাস অনেক কমে গেলে নৌযানের একটি অংশ পানির খুব কাছাকাছি নেমে আসে এবং নেভিগেশন না থাকায় এটি দিক হারায়। সমুদ্রের ঢেউয়ের পানি ভেতরে ঢুকতে শুরু করলে তৈরি হয় চরম আতঙ্ক।
​দালালদের সাড়া মেলেনি, উদ্ধার করে বাণিজ্যিক জাহাজ
উপায় না পেয়ে যাত্রীরা লিবিয়ার মানবপাচারকারীদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে সমুদ্রে সংকেত পাঠিয়ে বিভিন্ন জাহাজের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালান। প্রায় ৫-৬ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ার পর ফিলিপাইনের একটি বাণিজ্যিক জাহাজ তাঁদের উদ্ধার করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

​দুই দিন এক রাত সমুদ্রে

বাণিজ্যিক জাহাজটি উদ্ধারপ্রাপ্তদের নিয়ে প্রায় দুই দিন এক রাত পথ পাড়ি দিয়ে ২৭ আগস্ট মিশরের পোর্ট সাঈদ বন্দরে পৌঁছায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে। উদ্ধারপ্রাপ্তরা জানান, সময়মতো জাহাজটি না এলে নৌযানটি পুরোপুরি ডুবে গিয়ে ব্যাপক প্রাণহানি ঘটতে পারত।
​পরিচয় যাচাইয়ে দূতাবাসের তৎপরতা
ঘটনার পর থেকে বাংলাদেশ দূতাবাস মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ৪ সেপ্টেম্বর দূতাবাসের কর্মকর্তারা পোর্ট সাঈদে গিয়ে সুয়েজ ক্যানাল কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে তাঁরা আটক প্রতিটি বাংলাদেশির সঙ্গে পৃথকভাবে কথা বলে তাঁদের পরিচয় ও পরিবারের সঙ্গে যোগাযোগের তথ্যসহ কনস্যুলার সহায়তা প্রদান করেন।
​দা

লালদের হাতে নিঃস্ব ১০ থেকে ২৩ লাখ টাকা

দূতাবাসের তথ্য মতে, উদ্ধার হওয়া বাংলাদেশিরা ২০২৩ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে লিবিয়ায় গিয়ে মৌখিক চুক্তিতে দালালদের সঙ্গে ইউরোপ যাওয়ার সমঝোতা করেন। জমি বিক্রি, ঋণ নেওয়া বা পরিবারের সঞ্চয় শেষ করে তাঁরা দালালদের ১০ লাখ থেকে ২৩ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন।
​দেশে ফেরানোর প্রক্রিয়া চালু

বাংলাদেশ দূতাবাস স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেই এই ৫৫ বাংলাদেশিকে দ্রুততম সময়ে দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে।
​মানবপাচার রোধে পদক্ষেপ জরুরি

সম্প্রতি লিবিয়া থেকে অনিরাপদ রাবারের নৌযানে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দালালদের প্রলোভনে পড়ে বিপুল অর্থ ও জীবন ঝুঁকিতে ফেলছেন প্রবাসপ্রত্যাশীরা। এই ঘটনা প্রমাণ করে, ভূমধ্যসাগরের এই অনিয়মিত পথ কতটা ভয়ংকর।

​সংশ্লিষ্টদের মতে, ভূমধ্যসাগরীয় রুটে সক্রিয় মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি। পোর্ট সাঈদে উদ্ধার হওয়া ৫৫ বাংলাদেশির এই অভিজ্ঞতা অবৈধ পথে ইউরোপ গমনেচ্ছুদের জন্য একটি বড় সতর্কবার্তা।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক