সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

লা লিগায় এমবাপ্পের হ্যাটট্রিক, বার্নাব্যুতে ফিরে মুগ্ধ মরিনিও

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৩৭ এম
লা লিগায় এমবাপ্পের হ্যাটট্রিক, বার্নাব্যুতে ফিরে মুগ্ধ মরিনিও

১৩ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরলেন হোসে মরিনিও। আর প্রত্যাবর্তনের ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে রিয়াল মাদ্রিদ পেল দুর্দান্ত এক জয়। রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারানোর ম্যাচে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকের পাশাপাশি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়রও। দুই গোলেই অবদান রেখেছেন জুড বেলিংহাম।

দীর্ঘ ১৩ বছর পর বার্নাব্যুর ডাগআউটে মরিনিওকে দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন রিয়াল সমর্থকেরা। একসময় যাঁকে নিয়ে ছিল প্রবল উচ্ছ্বাস, সেই মরিনিওকে প্রত্যাবর্তনের ম্যাচে দুয়োধ্বনিও শুনতে হয়েছে। তবে ম্যাচ শেষে করতালিই ছিল বেশি। মাঠের পারফরম্যান্সে রিয়াল সমর্থকদের মন জয় করে নেয় স্বাগতিকরা।

ম্যাচের শুরুতে অবশ্য নিজেদের ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় নেয় রিয়াল। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোলের দেখা পান এমবাপ্পে। ফেদে ভালভের্দের পাস থেকে বক্সের ভেতর দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চার মিনিট পর লুকা সুসিচের গোলে সমতায় ফেরে সোসিয়েদাদ। এরপর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় রিয়াল।

৬০ মিনিটে বেলিংহামের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ৬৮ মিনিটে বেলিংহামের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। আর ৮০ মিনিটে ভিনিসিয়ুসের অসাধারণ পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।

বিশেষ করে এমবাপ্পের তৃতীয় গোলের আগে ভিনিসিয়ুসের দেওয়া পাসটি ছিল দারুণ। সোসিয়েদাদের এক ডিফেন্ডারের দুই পায়ের মাঝ দিয়ে বল বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

মরিনিওর জন্যও ম্যাচটি ছিল বিশেষ। লা লিগায় বার্নাব্যুতে এটি ছিল তাঁর ৫৮তম ম্যাচ। এর মধ্যে ৫০তম জয় তুলে নিয়েছেন তিনি। ঘরের মাঠে লিগে মরিনিওর দল এখন পর্যন্ত ২০২ গোল করেছে।

তবে ম্যাচ শেষে নিজের মাইলফলক নিয়ে খুব একটা কথা বলেননি মরিনিও। বরং এমবাপ্পের প্রশংসাতেই বেশি ব্যস্ত ছিলেন তিনি। রিয়াল কোচ বলেন, ‘এই ছেলেটি অবিশ্বাস্য। আমি দেখতে পাচ্ছি, রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়তে সে ভীষণ আগ্রহী।’

এ মৌসুমে এমবাপ্পের কাছ থেকে কত গোল প্রত্যাশা করেন- এমন প্রশ্নের জবাবে মরিনিও বলেন, ‘সেটা ৬০, ৪০ কিংবা ৫০ হতে পারে, আমি জানি না। ট্রফিসহ ৪০ গোলেই আমি সন্তুষ্ট। কিংবা অনেক পরিশ্রমের ৪০ গোল।’

এমবাপ্পের পেশাদারত্বেরও প্রশংসা করেন মরিনিও। তাঁর ভাষায়, দলের দায়িত্ব নিতে ফরাসি তারকা ছুটি শেষ হওয়ার দুই দিন আগেই ফিরে এসেছেন। এমনকি সোসিয়েদাদের বিপক্ষে পুরো ৯০ মিনিট তাঁকে মাঠে রাখার পরও মরিনিওর মনে হয়েছে, এমবাপ্পে আরও একটি গোল করতে পারতেন।

ম্যাচের প্রথম দিকে গ্যালারি থেকে মরিনিও ও ভিনিসিয়ুস দুজনকেই দুয়োধ্বনি শুনতে হয়েছে। তবে রিয়াল কোচ বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। তিনি বলেন, ‘বার্নাব্যুকে আমরা জানি। খেলোয়াড়েরাও জানে একটুখানি দুয়োতে কারও কোনো ক্ষতি হবে না।’

শেষ পর্যন্ত এমবাপ্পের হ্যাটট্রিক ও রিয়ালের ৪-১ গোলের জয়ই হয়ে থাকল মরিনিওর বার্নাব্যু প্রত্যাবর্তনের সবচেয়ে বড় স্মৃতি।

 

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক