সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ব্রাইটনে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

আজিজুল আম্বিয়া, লন্ডন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:০৮ পিএম
ব্রাইটনে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

যুক্তরাজ্যের ব্রাইটনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা। গত বুধবার দুপুর ১টায় ব্রাইটনের ‘পোসলেট স্পোর্টস সেন্টারে’ আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
​জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সুদূর প্রবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনুষ্ঠানে বিভিন্ন বয়স ও পেশার মানুষ একত্রিত হন। আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
​
​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আসাদুজ্জামান: সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর (লেবার পার্টি), ব্রাইটন অ্যান্ড হোভ সিটি কাউন্সিল। মোহাম্মদ শাহজাহান আহমেদ: সভাপতি, ব্রাইটন অ্যান্ড হোভ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মহিউজ্জামান মহী: বিশিষ্ট কমিউনিটি নেতা, লেখক ও সাংবাদিক। ​ইমদাদুন খান: সিনিয়র সহ-সভাপতি, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি।
​এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মিজানুর রহমান, তাপস ভূঁইয়া, কাকন, মলিন, সুপ্ত, পারভেজ, আরিফ ও শারমিন। আর সাবলীল উপস্থাপনার দায়িত্বে ছিলেন তাপস ভূঁইয়া।
​জমকালো সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন যুক্তরাজ্যের পরিচিত কণ্ঠশিল্পী দেলোয়ার হোসেন দিলু। এছাড়া আরও গান গেয়ে শোনান তাপস, সানোয়ার, শারমিন, আমিনা, শান্ত, শিউলি ও রায়হান শিকদার। বিশেষ করে, শিশুশিল্পী এমরিনের কণ্ঠে মাইকেল জ্যাকসনের একটি জনপ্রিয় গান উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

​গানের পাশাপাশি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মিজানুর রহমান ও জুয়েল আহমেদ। চমৎকার নৃত্য পরিবেশন করে দর্শকদের হাততালি কুড়ান সোনাইরা ও সোবানা।
​প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছোট-বড় সবার জন্য ছিল নানান প্রতিযোগিতার আয়োজন। শিশুদের ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনাইরা, দ্বিতীয় আদিব ভূঁইয়া এবং তৃতীয় হয় আয়রা।
​

নারীদের জন্য আয়োজিত ‘মিউজিক্যাল পিলো’ প্রতিযোগিতায় প্রথম হন আফরোজা আক্তার শিমু, দ্বিতীয় রোমানা আফরিন আলি এবং তৃতীয় স্থান অর্জন করেন শামিমা আক্তার পলি। অনুষ্ঠান শেষে আকর্ষণীয় রাফেল ড্র-এর বিজয়ীদের এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​ঘরোয়া খাবারের স্বাদ-ঐতিহ্যবাহী দেশীয় খাবারের আয়োজন ছিল উৎসবের অন্যতম মূল আকর্ষণ। প্রবাসীদের নিজস্ব উদ্যোগে তৈরি লেম্ব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, হালিম, চটপটি, হরেক রকমের কেক, মিষ্টান্ন ও ফলমূলসহ নানা পদের খাবার সবাই মিলে তৃপ্তি সহকারে উপভোগ করেন।
​

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আয়োজকদের প্রতিক্রিয়,আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে রাখার এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক