সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি’র পরিচালক হলেন তামিম ইকবাল
ছবি- সংগৃহীত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি মোট ৭৩ ভোট পান, যা প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এই নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তামিম ইকবাল ছাড়াও নির্বাচিতদের মধ্যে রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম এবং শানিয়ান তানিম।
ভোটের ফল অনুযায়ী তামিমের পরেই সর্বোচ্চ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু। তারা প্রত্যেকে ৭২টি করে ভোট পান। মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পান ৬৮ ভোট।
এর বাইরে বিভাগ ও জেলা পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত অন্য ক্যাটাগরিতে বেশিরভাগ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে খুলনা ও বরিশাল বিভাগে ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচন করা হয়। বরিশালে মিজানুর রহমান এবং খুলনায় শফিকুল আলম ও শান্তনু ইসলাম পরিচালক নির্বাচিত হন।
বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত আরেকটি ক্যাটাগরিতে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন।
নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর এখন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া বাকি রয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন বোর্ডের সভাপতি হিসেবে তামিম ইকবালের নামই সবচেয়ে এগিয়ে রয়েছে।









