শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঈদ ঘিরে মিশরে জমজমাট পশুর হাট, ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশি সংগঠনগুলো

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:১৪ এম
ঈদ ঘিরে মিশরে জমজমাট পশুর হাট, ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশি সংগঠনগুলো

নীলনদ ও পিরামিডের দেশ মিশরে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে কুরবানির পশুর বেচাকেনা। আগামী বুধবার (২৭ মে) দেশটিতে উদযাপিত হবে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব। ঈদকে সামনে রেখে রাজধানী কায়রোসহ দেশের বিভিন্ন শহর ও অঞ্চলে কুরবানির পশুর চাহিদা এবং ক্রয়-বিক্রয়ের ব্যস্ততা তুঙ্গে।বাংলাদেশের মতো মিশরে কুরবানির পশুর জন্য বড় আকারের অস্থায়ী হাটের প্রচলন খুব একটা দেখা যায় না। সাধারণত প্রধান সড়কের পাশে, মহল্লার অলিগলি, কসাইয়ের দোকানের সামনে কিংবা নির্ধারিত কিছু স্থানে পশু বিক্রি করা হয়। এছাড়া অনেক নাগরিক নিজ বাড়ির ছাদে বা ছোট খামারে পশু পালন করেন। তারা পরিবারের প্রয়োজনীয় অংশ রেখে অতিরিক্ত পশু ঈদের সময় বিক্রি করে দেন। রাজধানী কায়রোর কাছাকাছি গিজা জেলার নীলনদের দক্ষিণ তীরে অবস্থিত আল-মানশি এলাকায় একটি বড় পশুর বাজার রয়েছে, যেখান থেকে অধিকাংশ মানুষ কুরবানির পশু সংগ্রহ করেন।এদিকে, চলতি বছর মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি পরিবারগুলোর মাঝে কুরবানির মাংস বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশি কয়েকটি মানবিক সংগঠন। এসব সংগঠনের মধ্যে রয়েছে আলহাজ শামসুল হক (ASH) ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন, বিএম শাবাব, মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন।

​সংগঠনগুলো ইতিমধ্যেই কায়রোর বিভিন্ন এলাকা থেকে উট, গরু ও দুম্বা ক্রয় কার্যক্রম শুরু করেছে। কুরবানির পর এসব পশুর মাংস মিশরে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থী এবং গাজার অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

​চট্টগ্রাম থেকে আগত আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান,গত বছরের মতো এবারও আমরা বাংলাদেশিদের অনুদান নিয়ে মিশরে এসেছি। উট, গরু ও দুম্বা কিনে ঈদের দিন কুরবানি করে নির্যাতিত ফিলিস্তিনি ভাই-বোনদের মাঝে মাংস বিতরণ করা হবে। পাশাপাশি গাজার অভ্যন্তরে স্থানীয় একটি সংস্থার সহযোগিতায় গৃহহীন, এতিম ও অসহায় পরিবারগুলোর মাঝেও মাংস পৌঁছে দেওয়া হবে।”
​তিনি আরও বলেন, এই পুরো কার্যক্রম সরেজমিনে তদারকি ও বাস্তবায়নের জন্য নিজ পরিবার থেকে হাজার মাইল দূরে মিশরে অবস্থান করছেন।
​
​সরেজমিনে কায়রোর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মিশরে কুরবানির পশুর দাম নির্ধারণ করা হচ্ছে ওজনভিত্তিক (কেজি দরে) খারুফ (দুম্বা): প্রতি কেজি প্রায় ৭০০ টাকা (বাংলাদেশি মুদ্রায়)। ম্যাকসি ও ডাক্কার (ছাগল/পাঠা) এবং গেদ্দী (ছাগী): প্রতি কেজি প্রায় ৬৫০ টাকা।
​গামাল (উট), বাকারা (গরু) ও গামুছা (মহিষ): প্রতি কেজি গড়ে ৫০০ টাকা।
​

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বাজার ঘুরে দেখা যায়, একটি মাঝারি আকারের দুম্বার ওজন প্রায় ৭০ কেজি, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৪৯ হাজার টাকা। ৩০ কেজি ওজনের একটি মাঝারি খাসির দাম পড়ছে প্রায় ২০ হাজার টাকা। সাধারণত প্রাপ্তবয়স্ক দুম্বার ওজন ৫০ থেকে ৭৫ কেজির মধ্যে হলেও কিছু দুম্বা ১২০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এছাড়া বড় আকারের একটি গরুর মূল্য আড়াই থেকে তিন লাখ এবং একটি উটের দাম দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত হতে পারে।
​
​মিশরে কুরবানির একটি ভিন্নধর্মী সামাজিক চিত্র চোখে পড়ে। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই অনেক বিত্তবান মানুষ বাজার থেকে মাংস কিনে দরিদ্রদের মধ্যে বিতরণ শুরু করেন। ফলে এ সময় কসাইয়ের দোকান এবং সুপারশপগুলোতে মাংসের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
​বাংলাদেশের মতো এখানে পশু কেনা নিয়ে কোনো প্রতিযোগিতা দেখা যায় না। উল্টো অনেক মিশরীয় কসাইয়ের দোকান থেকে মাংস কিনে ছোট ছোট প্যাকেট তৈরি করে গাড়িতে নিয়ে ঘুরে বেড়ান। পথচারী শ্রমিক, পরিচ্ছন্নতাকর্মী, দরিদ্র মানুষ, এমনকি দায়িত্বরত পুলিশ সদস্যদের দেখলেই তারা গাড়ি থামিয়ে মাংসের প্যাকেট হাতে তুলে দেন।মিশরে সাধারণত ঈদের জামাত শেষ হওয়ার পর থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত কুরবানি করা হয়। বিভিন্ন মসজিদেও বিত্তবান ব্যক্তি বা সামাজিক সংগঠনের উদ্যোগে টানা কয়েকদিন কুরবানি করে দরিদ্র মানুষের মধ্যে মাংস বিতরণের ব্যবস্থা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে সরকারিভাবে পশুর দাম নির্ধারণ করে দেওয়া হলেও মহল্লাভিত্তিক বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে কিছুটা কম বা বেশি মূল্যে পশু বিক্রি করে থাকেন।

​ধর্মীয় আচার, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহমর্মিতার এক অপূর্ব সমন্বয়ে এভাবেই মিশরে এগিয়ে চলছে ঈদুল আজহার চূড়ান্ত প্রস্তুতি।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক