ভোট কেন্দ্রের ৪০০ গজের ভেতর মোবাইল নিষিদ্ধ
জামায়াত আমীরের হুশিয়ারি, নাহিদ ইসলামের কমিশন ঘেরাওর হুমকি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ভেতরে এবং কেন্দ্রের চারপাশে ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি কেন্দ্রের আশপাশের ৪০০ গজ এলাকাতেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে এই বিধিনিষেধের বাইরে থাকবেন তিন ধরনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তাঁরা হলেন—ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুজন সদস্য।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। দেশের ৬৪ জেলায় এবার ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র ও প্রায় আড়াই লাখ ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হবে; শেরপুর–৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রয়েছে। নির্বাচনে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
জামায়াত আমিরের হুঁশিয়ারি
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভোটের অধিকার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এবং প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করে রক্ষা করা হবে।
তিনি বলেন, দেশের মানুষ একটি স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। ভোটের দিন ভোটাররা গর্বের সঙ্গে লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা উপভোগ করবে—এর ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না। কেউ যদি এই অধিকার হরণ করতে চায়, তবে জাতি প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নাহিদ ইসলামের নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুমকি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের নির্দেশনা পরিবর্তনের দাবি জানিয়েছেন। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, এই সিদ্ধান্তের পেছনে কার পরিকল্পনা কাজ করছে তা জনগণের সামনে স্পষ্ট।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সোমবার সন্ধ্যার মধ্যে এই বিধি পরিবর্তন না হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। নাহিদ ইসলাম অভিযোগ করেন, এই ধরনের সিদ্ধান্ত ভোট কারচুপি, মিডিয়া ব্ল্যাকআউট এবং মানুষের তথ্য অধিকার খর্ব করার পথ তৈরি করছে।
হাসনাত আবদুল্লাহর ‘হঠকারী সিদ্ধান্ত’ মন্তব্য
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহও ইসির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ মানে সাংবাদিকতা ও নাগরিক পর্যবেক্ষণ কার্যত বন্ধ করে দেওয়া।
তিনি বলেন, মোবাইল ফোন ছাড়া কোনো অনিয়ম বা জালিয়াতি হলে তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়। এতে ভোটারদের নিরাপত্তাহীনতা বাড়বে এবং অনেক মানুষ ভোট দিতেই আগ্রহ হারাতে পারে। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ভোট চুরি বা কেন্দ্র দখলের প্রমাণ সংগ্রহ ঠেকাতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।













