মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ভোটের ময়দানে কথার লড়াই

তারেক রহমান বনাম শফিকুর রহমান: কে পাচ্ছেন ভোটারদের আস্থা?

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৮ এম
তারেক রহমান বনাম শফিকুর রহমান: কে পাচ্ছেন ভোটারদের আস্থা?

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে। রাজপথের কর্মসূচি থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই আলোচনার কেন্দ্রে এখন দুটি নাম: বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কে হবেন আগামী দিনের রাষ্ট্রক্ষমতার চালক—এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠেয় এই নির্বাচনকে অনেকেই দেখছেন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় হিসেবে। দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা তৈরি হওয়ায় ভোটারদের মধ্যেও আগ্রহ বেড়েছে।

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমান রাজনৈতিক মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন। বিএনপির জনসভাগুলোতে তার উপস্থিতিতে বিপুল জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। বক্তৃতায় তিনি ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও অর্থনৈতিক পুনর্গঠনের ওপর জোর দিচ্ছেন। তার ভাষায়, এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের লড়াই নয়, বরং রাষ্ট্রব্যবস্থার পুনর্গঠনের সুযোগ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও শিল্পখাতে বিনিয়োগ এবং নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হবে—এমন আশ্বাস দিচ্ছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর তার সরাসরি মাঠে নামা বিএনপির সাংগঠনিক শক্তিকে নতুনভাবে উজ্জীবিত করেছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গড়ার অঙ্গীকার নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তার বক্তব্যে বারবার উঠে আসছে ‘ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা’ প্রতিষ্ঠার কথা। জামায়াত নেতৃত্বাধীন জোট তরুণ ভোটারদের কাছে কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।
নির্বাচনী প্রচারণা যত এগোচ্ছে, দুই নেতার বক্তব্যেও তীব্রতা বাড়ছে। তারেক রহমান অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপিকেই শাসনের জন্য প্রস্তুত বলে দাবি করছেন। বিপরীতে, ডা. শফিকুর রহমান বলছেন—যারা অতীতে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে, জনগণ তাদের আর সুযোগ দেবে না।

বিভিন্ন জরিপ ও রাজনৈতিক পর্যবেক্ষণে বিএনপির প্রতি জনসমর্থন এগিয়ে আছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে জামায়াতের রয়েছে একটি দৃঢ় ও সংগঠিত ভোটব্যাংক, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাধারণ ভোটারদের বড় অংশের প্রত্যাশা এখন স্থিতিশীলতা, নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত প্রশাসন। ছাত্র-জনতার আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে তারা দেখছেন ভবিষ্যৎ পথ নির্ধারণের সুযোগ হিসেবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের রয়েছে পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার এবং বড় দল পরিচালনার অভিজ্ঞতা। অপরদিকে, ডা. শফিকুর রহমানের পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সংগঠিত দলীয় কাঠামো তাকে একটি শক্ত প্রতিদ্বন্দ্বীতে পরিণত করেছে।

সব মিলিয়ে, এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এবং ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামায়াত-জোটের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন মাত্রা যোগ করেছে। শেষ পর্যন্ত ভোটাররাই নির্ধারণ করবেন—কার হাতে যাবে আগামীর বাংলাদেশ।

বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম
বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক

যুক্তরাজ্যের প্রায় ৭৮ শতাংশ নাগরিক ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি বলে মনে করেন। ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ নাগরিক। তবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আড়াই বছর পর এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর চলতি বছরের বসন্তে এই হার বেড়ে ৭৮ শতাংশে দাঁড়িয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের উদ্যোগে গত জুলাইয়ে ইউগভ পরিচালিত আরেকটি জনমত জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের মাত্র ১৭ শতাংশ মানুষ মনে করেন, ইসরায়েল গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না।

এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতেও। এর ফলে জ্বালানি, খাদ্য ও গৃহঋণের খরচ বেড়ে সাধারণ মানুষকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধের কারণে ব্রিটিশ পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয়ও অস্বাভাবিকভাবে বেড়েছে।

গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। গত তিন বছরের মধ্যে এটিই ছিল প্রথম সুদের হার বৃদ্ধি। এর ফলে গৃহঋণগ্রহীতাদের মাসিক কিস্তি বেড়েছে। পাশাপাশি নতুন ঋণ নেওয়া এবং পুরোনো ঋণ নবায়নের খরচও বৃদ্ধি পেয়েছে।

 

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এম
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কওমি মাদ্রাসার লাইব্রেরিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৪৮ শিক্ষার্থী। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। একজনকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে।

সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

জানা গেছে, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে ঘন ও বিষাক্ত ধোঁয়া। ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ ইনহেলেশন বার্নে আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত জরুরি বিভাগে ৪৮ শিক্ষার্থীকে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। একজনকে দেওয়া হচ্ছে লাইফ সাপোর্ট। অন্যদের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব ও কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তদন্ত শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক