ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাঁদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারেন, সে জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে তাঁদের কাঙ্ক্ষিত তথ্য জানতে পারবেন।
আজ শনিবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপ্লিকেশন, হটলাইন, ক্ষুদে বার্তা (এসএমএস) এবং ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। পদ্ধতিগুলো হলো—
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ্লিকেশন:
ভোটাররা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। অ্যাপটির ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ বিকল্পটি নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ বিকল্পে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা প্রদর্শিত হবে।
২. হটলাইন নম্বর ১০৫:
সরাসরি কথা বলে তথ্য জানতে ভোটাররা ১০৫ নম্বরে ফোন করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এই সেবার জন্য ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ হাতের কাছে রাখতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।
৩. ক্ষুদে বার্তা (এসএমএস) সেবা:
মোবাইল ফোনের বার্তা অপশনে গিয়ে পিসি এনআইডি লিখে একটি ফাঁকা স্থান দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট:
ল্যাপটপ, কম্পিউটার অথবা মোবাইল ব্রাউজার ব্যবহার করে ইসির ওয়েবসাইট (ecs.gov.bd)-এ প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে। এখানে দুটি উপায়ে তথ্য জানা যাবে। প্রথমত, নির্বাচনী এলাকা অথবা উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে।
দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও ভোটকেন্দ্র খুঁজে পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইটে গুগল মানচিত্রের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব এবং যাওয়ার পথ দেখার সুবিধাও রয়েছে।










