সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রিয়াল আল-কাজার প্রাসাদ

মুসলিম স্বর্ণযুগের স্থাপত্যগৌরব

আফছার হোসাইন, স্পেন প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম
মুসলিম স্বর্ণযুগের স্থাপত্যগৌরব

স্পেনের দক্ষিণ অঞ্চল আন্দোলোসিয়ায় সেভিয়ার ব্যস্ত পথের কোলাহল পেরিয়ে আল-কাজারের প্রাচীন ফটকে এসে দাঁড়াতেই মনে হলো সময় যেন হঠাৎ কয়েক শতাব্দী পেছনে ফিরে গেছে। ইট-পাথরের দেয়াল ছুঁয়ে আছে ইতিহাস, খিলানের ফাঁক গলে ঢুকে পড়ছে অতীতের আলো-ছায়া। প্রতিটি করিডোর, প্রতিটি অলংকরণ আর প্রতিটি জলাধার নিঃশব্দে বলে যাচ্ছে মুসলিম স্বর্ণযুগের এক গৌরবময় অধ্যায়ের কথা।রিয়াল আল-কাজার অব সেভিয়া কেবল একটি প্রাসাদ নয়—এটি সভ্যতার মিলনস্থল, যেখানে ইসলামি সৌন্দর্য আর ইউরোপীয় রাজকীয়তার হাত ধরাধরি করে পথচলা। শাসক বদলেছে, যুগ বদলেছে, কিন্তু ইতিহাসের আত্মা আজও এখানেই বাস করে।

দেশটিতে দশম শতকে মুসলিম শাসনকদের হাত ধরে যে দুর্গের জন্ম হয়েছিল, সেটিই একদিন হয়ে ওঠে আন্দালুসিয়ার প্রশাসনিক হৃদয়। আরবি ‘আল-কাসর’ শব্দ থেকেই আল-কাজারের নাম—যার অর্থ দুর্গ বা রাজপ্রাসাদ। সে সময় আন্দালুসিয়া ছিল জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি আর স্থাপত্যের আলোয় উদ্ভাসিত এক স্বর্ণভূমি। করদোভা, গ্রানাদা আর সেভিয়ার মতো শহরগুলো ছিল মুসলিম সভ্যতার দীপ্ত কেন্দ্র, আর আল-কাজার সেই গৌরবের এক উজ্জ্বল প্রতীক।১২৪৮ সালে খ্রিস্টান বাহিনী সেভিয়া দখল করলেও আল-কাজার ভাগ্যবান-ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। বরং মুসলিম শিল্পীদের হাতেই নতুন করে সাজানো হয় প্রাসাদটি। ১৪শ শতকে রাজা পেদ্রো প্রথম এখানে গড়ে তোলেন এক অনন্য স্থাপত্যশৈলী-মুদেহার। ইসলামি নকশার সূক্ষ্মতা আর ইউরোপীয় রাজকীয়তার জাঁকজমক মিলে জন্ম নেয় এক অপূর্ব সৌন্দর্য। দেয়ালে আরবি ক্যালিগ্রাফি, জ্যামিতিক নকশা আর নিখুঁত কারুকাজ আজও জানান দেয়—এটি শুধু খ্রিস্টান রাজাদের বাসভবন নয়, বরং মুসলিম ঐতিহ্যের বহমান উত্তরাধিকার।প্রাসাদের ভেতরে পা রাখতেই চোখে পড়ে প্যাটিও দে লাস দোনসেলাস—খিলানে ঘেরা এক প্রশান্ত অঙ্গন, মাঝখানে শান্ত জলাধার। পানিতে ভেসে ওঠে শতাব্দীপ্রাচীন দেয়ালের প্রতিবিম্ব, যেন ইতিহাস নিজের মুখ দেখছে নিজেই। আর সালোন দে এম্বাসাদোরেসের সোনালি গম্বুজের নিচে দাঁড়ালে শিহরণ জাগে‌।  একসময় এখানেই বসতেন রাজারা, চলত কূটনৈতিক দরবার। চারপাশের দেয়ালে খোদাই করা আরবি লিপি আজও সাক্ষ্য দেয় সেই সময়ের গৌরবের।

প্রাসাদের বাইরে বিস্তৃত বাগান যেন এক স্বপ্নলোক—কমলা গাছের সারি, গোলাপের সুবাস, ফোয়ারার জলছন্দ আর সরু জলধারার মৃদু কলকল ধ্বনি। মুসলিম স্থাপত্যে বাগান ছিল জান্নাতের প্রতীক, আর আল-কাজারের এই উদ্যান সেই ধারণারই জীবন্ত রূপ। ইতিহাসের সংঘর্ষ আর দখলের গল্পের মাঝেও এখানে যেন শান্তির এক নীরব আশ্রয়। এই অসাধারণ ঐতিহাসিক গুরুত্বের কারণে ১৯৮৭ সালে ইউনেস্কো আল-কাজারকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। আজ এটি স্পেনের রাজপরিবারের সরকারি বাসভবন হলেও এর প্রতিটি দেয়ালের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে হারানো আন্দালুসিয়ার গল্প।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক