একই ছবির ফ্রেমে সালমান, আমির, অজয়, অক্ষয়: শাহরুখ কেনো নেই?
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দ্রুত ছড়িয়ে পড়েছে একটি ছবি, যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই ভেবেছিলেন, তবে কি বলিউডের চার মহাতারকাকে নিয়ে নতুন কোনও বড় প্রজেক্টের ঘোষণা আসতে চলেছে? আসলে বিষয়টি খানিকটা আলাদা।
১ ফেব্রুয়ারি ভ্যারাইটি ইন্ডিয়া তাদের ম্যাগাজিনের প্রথম প্রচ্ছদ প্রকাশ করে। সেই কভারে একসঙ্গে দেখা যায় বলিউডের চার প্রভাবশালী তারকা—সলমন খান, অজয় দেবগন, অক্ষয় কুমার এবং আমির খানকে। ম্যাগাজিনের ভাষায়, তাঁদের তুলে ধরা হয়েছে ‘অপরাজিত’ (Unshakable) এবং এমন সুপারস্টার হিসেবে, যাঁরা স্টারডমের প্রচলিত নিয়ম ভেঙে নিজেদের জায়গা তৈরি করেছেন।
প্রচ্ছদের ছবিতে দেখা যায়, একটি সোফায় বসে আছেন অক্ষয় কুমার। তাঁর ঠিক পেছনে দাঁড়িয়ে একে অপরের কাঁধে হাত রেখে পোজ দিয়েছেন সলমন খান, আমির খান এবং অজয় দেবগন। ছবিটি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।
তবে ছবির চেয়েও বেশি আলোচনা শুরু হয় সেখানে শাহরুখ খানের অনুপস্থিতি নিয়ে। নেটিজেনদের একাংশ মনে করছেন, তাঁকে বাদ দিয়ে বলিউডের ‘আইকন’দের তালিকা সম্পূর্ণ হয় না। একজন মন্তব্য করেন, “ছবিটা নিঃসন্দেহে দুর্দান্ত, কিন্তু এসআরকে না থাকায় কিছুটা অপূর্ণ লাগছে।” আরেকজন লেখেন, “শাহরুখ থাকলে এটা সত্যিই ঐতিহাসিক হয়ে উঠত।” কেউ কেউ আবার হৃতিক রোশনকেও এই আলোচনায় টেনেছেন।
এদিকে রবিবার মুম্বইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ভ্যারাইটি ইন্ডিয়ার এই ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন সলমন খান, অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কাপুর, শানায়া কাপুর, টাইগার শ্রফসহ আরও বহু তারকা।
প্রচ্ছদে শাহরুখ খান না থাকলেও, আগামী কয়েক মাসে বক্স অফিসে এই চার তারকার ছবি নিয়ে যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে, তা নিয়ে বলিউড মহলে কোনও সন্দেহ নেই।










