গণভোট ‘হ্যাঁ এর সুফল নিয়ে স্পেন প্রবাসীদের সেমিনার
স্পেনের রাজধানী মাদ্রিদে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে সম্পন্ন এ সেমিনারে ‘গণভোট হ্যাঁ-এর সুফল’ ছিল প্রধান আলোচনার বিষয়।
বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন মিয়া ও অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি কমিউনিটি ব্যক্তিত্ব মো: কালাম সেলিম বক্তব্য রাখেন। তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, আল হুদা মসজিদের প্রধান খতিব মাওলানা নুরুল আলম, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি ইন স্পেনের সভাপতি মিল্টন ভূঁইয়া কচি, উছেরা মসজিদের খতিব মাওলানা তানভীর আহমদ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, মাসুম আহমেদ ও আকবর শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়িত হবে। ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়ে সাফল্য এনেছে, তারাই নতুন বাংলাদেশের সম্ভাবনাময় শক্তি। গণভোটে কোনো প্রার্থী না থাকলেও এটি জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তৃবৃন্দ আরও বলেন, এবারের নির্বাচনে মানুষ গোলামির রাজনীতির দাসত্ব থেকে মুক্তি পাবে। হারানো গণতন্ত্র ফিরে আসবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হবে। জাতি কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে, তরুণ ভোটাররাই ফলাফল নির্ধারণ করবে।













