ঢাবিতে হিজাব র্যালি ও সেমিনার, ১২০০ শিক্ষার্থীর মাঝে হিজাব বিতরণ
বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব র্যালি, মানববন্ধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এসব কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে হিজাব বিতরণ করা হয়।
রোববার দুপুর ২টায় ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার নেতৃত্বে একটি হিজাব র্যালি বের করা হয়। র্যালিটি উপাচার্য চত্বর থেকে শুরু হয়ে টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হিজাবকে মর্যাদা ও স্বাধীনতার প্রতীক হিসেবে তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। পরে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, হিজাব শুধু একটি পোশাক নয়; এটি নারীর ধর্মীয় বিশ্বাস, আত্মমর্যাদা ও ব্যক্তিস্বাধীনতার প্রতিফলন। তারা হিজাব পরিহিত নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিকেলে টিএসসি অডিটোরিয়ামে ‘হিজাব: মর্যাদা ও স্বাধীনতার প্রতীক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান অধ্যাপক মোখতার আহমাদ। এছাড়া আলোচনায় অংশ নেন শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার এবং আস সাহওয়া ইনস্টিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন।
ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম, গবেষক সুমাইয়া রাবেয়া এবং ডাকসুর সম্পাদক উম্মে সালমা।
ডাকসুর সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।










