আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৩১ জানুয়ারি) তিনি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন।
দীর্ঘদিন পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে দুই জেলাতেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
সিরাজগঞ্জ বিএনপি সূত্র জানায়, শনিবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। জনসভাকে ঘিরে ইতোমধ্যে মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তারেক রহমানকে একনজর দেখার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে জেলায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান। জনসভায় জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমান বিকেলে টাঙ্গাইল যাবেন। শনিবার বিকেল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
দীর্ঘ ২১ বছর পর দলের শীর্ষ নেতাকে কাছ থেকে দেখার অপেক্ষায় রয়েছেন টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় এটিই হবে তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।
তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপি। জনসভাস্থল নির্ধারণ ও পরিদর্শনের পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশে বড় মঞ্চ, শতাধিক মাইকসহ ব্যাপক আয়োজন করা হয়েছে। এছাড়া নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে গত বৃহস্পতিবার রাতে একটি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।













