জামিন ছাড়াই মুক্তি পেলেন হত্যা মামলার ৩ আসামি, ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা কর্তৃপক্ষ একে ‘ভুল মুক্তি’ হিসেবে উল্লেখ করেছে। ঘটনার দায়ে একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কারাগারে এই ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি। পরে বিষয়টি প্রকাশ্যে এলে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কারাগার থেকে মুক্তি পাওয়া তিন আসামি হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলায় কারাবন্দি ছিলেন।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি কারা কর্তৃপক্ষের গাফিলতিজনিত ‘ভুল মুক্তি’। সংশ্লিষ্ট কর্মকর্তা ভুলবশত তাদের ছেড়ে দিয়েছেন।
ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা হিসেবে বিবেচনা করায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অন্য কোনো কর্মকর্তা জড়িত থাকলে বা কোনো অসৎ উদ্দেশ্যের প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বরখাস্ত হওয়া ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ বলেন, অসতর্কতার কারণেই এই ভুল হয়েছে।
অন্যদিকে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো। তবে অফিসিয়ালভাবে জানানো হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।










