স্বামী ডা. শফিকুর রহমানের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম
দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানালেন ডা. আমেনা বেগম
স্বামী ডা. শফিকুর রহমানের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম
বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেশপ্রেমিক ও সৎ নেতৃত্বের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম।
বুধবার বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. আমেনা বেগম বলেন, যাদের হাতে দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত থাকবে, জনগণকে সেই দেশপ্রেমিক শক্তির পক্ষেই রায় দিতে হবে। তিনি বলেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।
হযরত উমর (রা.)-এর শাসনামলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আল্লাহভীরু, ন্যায়পরায়ণ, আমানতদার ও দায়িত্বশীল নেতৃত্বই পারে একটি আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব, যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে। আগামী ১২ তারিখ ভোটের দিন জনগণ যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ বিবেক অনুযায়ী ভোট প্রদান করে এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করে—এমন আহ্বান জানান তিনি।
সমাবেশে ঢাকা-১৫ আসনের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ভোট চান ডা. আমেনা বেগম।
একই সমাবেশে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, জনগণ এক স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হয়ে আবারও অন্য কোনো স্বৈরশাসনের অধীনে যেতে চায় না। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগেই যারা নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে, নির্বাচনের পর নারীদের নিরাপত্তা তাদের হাতে প্রশ্নবিদ্ধ থাকবে।
তিনি আরও বলেন, যদি কারচুপি ও প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ভোট জালিয়াতি করা হয়, তবে তার পরিণতি অতীতের যে কোনো সময়ের চেয়েও ভয়াবহ হতে পারে।











