আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলীয় চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে দলীয় সরকার, যার নিয়ন্ত্রক জামায়াতে ইসলামী। তিনি অভিযোগ করেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে তিন দিনের রংপুর সফর শেষে ঢাকা ফেরার আগে নগরীর সেনপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, বর্তমান সরকার নিজেরাই স্বীকার করেছে যে তাদের একটি গোষ্ঠী নিয়োগ দিয়েছে এবং সেই সরকারের পৃষ্ঠপোষক জামায়াতে ইসলামী। তিনি দাবি করেন, জামায়াতের নেতৃত্বেই ৫ আগস্টের আন্দোলন হয়েছে, যা জনগণের কাছে গোপন রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি। অনেক নেতা-কর্মী এখনো মিথ্যা মামলায় কারাগারে আছেন বা গা-ঢাকা দিয়েছেন। নেতা-কর্মীদের ওপর নানা হুমকি দেওয়া হচ্ছে, অথচ অভিযোগ জানিয়েও নির্বাচন কমিশন থেকে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির ও জেলা আহ্বায়ক আজমল হক লেবু প্রমুখ। তিন দিনের প্রচারণা শেষে বিকেলে তিনি ঢাকায় ফিরে যান।












