জামায়াত আমির
আমরা চাঁদা নেব না, কাউকে নিতেও দেব না
আমরা চাঁদা নেব না, কাউকে নিতেও দেব না
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা শপথ করেছি—নিজেরা চাঁদা নেব না, কাউকে নিতেও দেব না। দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দেওয়া হবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে পঞ্চগড়ের জনসভা শেষে দিনাজপুরে পৌঁছান জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবে রক্তের বিনিময়ে আজ মানুষ কথা বলার অধিকার পেয়েছে। সেই ত্যাগের সঙ্গে বেঈমানি করা হবে না। জনগণের আস্থা নিয়েই রাজনীতি করা হবে।
আঞ্চলিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দিনাজপুর দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষমতায় গেলে এই অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। লিচু ও আলু সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপন এবং দিনাজপুরকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
বিদেশে পাচার হওয়া অর্থের বিষয়ে জামায়াত আমির বলেন, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে বেগমপাড়া গড়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। এমন বিচার ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে অর্থের বিনিময়ে ন্যায়বিচার কেনা যাবে না।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের অঙ্গীকার করে তিনি বলেন, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে ঘর ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি।
এ সময় তিনি জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, দিনাজপুর-৫ আসনের প্রার্থী ডা. আব্দুল আহাদসহ জোটের অন্যান্য প্রার্থীরা।
সমাবেশে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।













