ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা
যা যা করতে পারবেন না প্রার্থীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। এই নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা।
নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীদের জন্য ২০ দিনের প্রচারণা সময় নির্ধারণ করেছে। প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।
এ উপলক্ষে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছে।
❌ পোস্টার নিষিদ্ধ
এবারের নির্বাচনে প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে যেকোনো প্রচারসামগ্রীতে পলিথিন ও রেকসিন ব্যবহারও নিষিদ্ধ।
🪧 ব্যানার, লিফলেট ও ফেস্টুনে বিধিনিষেধ
- ব্যানার: সর্বোচ্চ ১০ ফুট × ৪ ফুট
- লিফলেট/হ্যান্ডবিল: সর্বোচ্চ এ-ফোর সাইজ
- ফেস্টুন: সর্বোচ্চ ১৮ ইঞ্চি × ২৪ ইঞ্চি
- সব প্রচারসামগ্রী হতে হবে সাদা-কালো
- প্রার্থীর নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও ছবি ব্যবহার নিষিদ্ধ
- ছবি হতে হবে পোর্ট্রেট আকারে, সর্বোচ্চ ৬০ সেমি × ৪৫ সেমি
- নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা শুধু দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন।
🧱 বিলবোর্ড ব্যবহারে সীমা
- প্রতি প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন
- প্রতিটির মাপ সর্বোচ্চ ১৬ ফুট × ৯ ফুট
- প্রতীকের উচ্চতা, দৈর্ঘ্য বা প্রস্থ ৩ মিটারের বেশি নয়
📱 সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা
- প্রচারণার আগে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, অ্যাকাউন্ট আইডি ও ই-মেইল তথ্য রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অসৎ উদ্দেশ্যে ব্যবহার নিষিদ্ধ
- মিথ্যা, বিভ্রান্তিকর, ঘৃণাত্মক বা বিকৃত তথ্য প্রচার করা যাবে না
⚠️ ভাষা ও কনটেন্টে কড়াকড়ি
- ধর্মীয়, জাতিগত বা সংখ্যালঘুদের অনুভূতিতে আঘাত নিষিদ্ধ
- নারী, প্রতিপক্ষ বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য নিষিদ্ধ
- গুজব ছড়ানো ও মানহানিকর কনটেন্ট শেয়ার করা যাবে না
🚁 হেলিকপ্টার ব্যবহারে নিষেধাজ্ঞা
রাজনৈতিক দলের ক্ষেত্রে দলীয় প্রধান ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য কেউ হেলিকপ্টার বা আকাশযান ব্যবহার করতে পারবেন না
🚨 শাস্তির বিধান
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে—
- সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড
- অথবা দেড় লাখ টাকা জরিমানা
- অথবা উভয় দণ্ডই হতে পারে
- রাজনৈতিক দলের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা
- গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির হাতে











