তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া তাঁর এখতিয়ার নয়। এটি স্পষ্টভাবে নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘনের শামিল। অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। তিনি প্রশ্ন তুলে বলেন, তারেক রহমানের ক্ষেত্রে এক নীতি আর অন্যদের ক্ষেত্রে আরেক নীতি—এমন বৈষম্য কেন?
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকা হুদা–রাকিব কমিশনের দিকে ধাবিত হচ্ছে। একই সঙ্গে বিএনপির ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতিরও সমালোচনা করেন তিনি।
মিডিয়ার ভূমিকা নিয়েও অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেক গণমাধ্যম বিএনপির পক্ষে কাজ করছে। মিডিয়া দখলের মাধ্যমে একটি পক্ষকে সুবিধা দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতীক বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর এনসিপি ‘শাপলা কলি’ প্রতীক পেয়েছে। তবে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য করেছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরুর ঘোষণা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করা হবে। ওসমান হাদির বিচার এখনও শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, তাঁর নির্বাচনী এজেন্ডায় এই বিচার দাবি থাকবে। পাশাপাশি চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও লড়াই চলবে।
এদিকে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাঁর পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।













