সাখাওয়াত হোসেন
বাংলাদেশের পরিবর্তনে হ্যাঁ ভোট দেওয়া আবশ্যক
বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সূচকে রায় দেওয়া আবশ্যক বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নৌ উপদেষ্টা বলেন, “আমরা জানি সামনে একটি গণভোট হতে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সংস্কার এবং অতীতের নেতিবাচক কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে হলে জনগণকে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে। এটি একটি আবশ্যক বিষয়।”
তিনি আরও বলেন, “এত রক্তের বিনিময়ে আমাদের সামনে যে সুযোগ এসেছে, সেটি সংস্কারের মাধ্যমে কাজে লাগাতে না পারলে দেশ আবার স্বয়ংক্রিয়ভাবে আগের অবস্থায় ফিরে যাবে। তাই পরিবর্তনের ধারা বজায় রাখতে গণভোটের গুরুত্ব অপরিসীম।”
স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিস্থিতি সম্পর্কে ড. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে সারা দেশে ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তিনি বলেন, “এক সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজারের বেশি মানুষ যাতায়াত করত। এখন তা কমে তিন-চারশ’তে নেমে এসেছে। ভারতের পক্ষ থেকে বিভিন্ন কারণে ভিসা সীমিত করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।”
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের সময়ে এই জটিলতা কেটে যাবে এবং যাত্রী চলাচল আবার স্বাভাবিক হবে।
নৌ উপদেষ্টা জানান, তাঁর মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ২০টি স্থলবন্দর রয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের বর্তমান বেসরকারি অপারেটরের মেয়াদ শেষ হলে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারবে।
চীন ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংযোগ সড়ক প্রসঙ্গে তিনি বলেন, “আঞ্চলিক ও কূটনৈতিক বাস্তবতার কারণে অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে সড়ক সংযোগ তৈরি একটি জটিল প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে প্রাথমিক পরিকল্পনা করছে। পরবর্তী নির্বাচিত সরকার এসে বিষয়টি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে।”
বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে ড. এম সাখাওয়াত হোসেন পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত ‘হ্যাঁ’ ভোটের একটি প্রচারণা সভায় অংশ নেন।










