ফরিদপুরে রিমোট কন্ট্রোলচালিত শক্তিশালী বোমা আইইডি নিষ্ক্রিয়, এলাকায় চাঞ্চল্য
বোমাটি যখন নিষ্ক্রিয় করা হয়। ছবি- সংগৃহীত।
ফরিদপুরে উদ্ধার হওয়া বোমাটি রোববার (১১ জানুয়ারি) সকালে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। পুলিশ জানায়, সেটি ছিল রিমোট কন্ট্রোলচালিত একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।
সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা থেকে আসা এটিইউ সদস্যরা কুমার নদের তীরে বোমাটি নিষ্ক্রিয় করার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পুরো এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আশপাশে জড়ো হওয়া মানুষজনকে আগেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
নিয়ন্ত্রিত বিস্ফোরণের সময় বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের ফলে বোমার বিভিন্ন অংশ প্রায় ৪০ থেকে ৫০ ফুট পর্যন্ত ওপরে উঠে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ পাশে একটি ব্যাগের ভেতর সন্দেহজনক বোমাটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে এবং নিরাপত্তার স্বার্থে সেটি একটি নির্ধারিত স্থানে সরিয়ে নেয়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, সব ধরনের সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বোমা উদ্ধারের পরপরই সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।












