হাদি হত্যার বিচার দাবিতে দেশজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু
শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।
কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে গিয়ে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সহযোগিতা চাইবেন। পাশাপাশি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হচ্ছে।
ইনকিলাব মঞ্চ জানায়, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল না করা হলে পরবর্তী সময়ে চূড়ান্ত আন্দোলনে নামা হবে। একই সঙ্গে ২২ কর্মদিবসের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
সেখানে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, যেকোনো বৈঠক হতে হবে স্বচ্ছ ও প্রকাশ্য। গোপন কোনো বৈঠক গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আধিপত্যবাদ—যে দিক থেকেই আসুক—তার বিরুদ্ধেই ইনকিলাব মঞ্চের অবস্থান। এ লড়াই কেবল শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
হাদি হত্যার প্রসঙ্গ টেনে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির আত্মত্যাগ এই আন্দোলনের পথ দেখিয়েছে। তার দেখানো পথ ধরেই সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, দেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে।












