গণঅধিকার পরিষদের রাশেদ খান বিএনপিতে যোগ দিলেন
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগ দেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ–৪ আসন (কালীগঞ্জ ও সদরের আংশিক) থেকে বিএনপির প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এ সময় দলের নেতা-কর্মীদের রাশেদ খানের পক্ষে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।
দলে যোগ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে তিনি আগ্রহী ছিলেন এবং এলাকার মানুষও তাকে শহীদ জিয়ার প্রতীকে ভোট দিতে চায়। তিনি জানান, বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েই জনগণের প্রত্যাশা পূরণ করতে চান।
এর আগে শুক্রবার রাতে গণঅধিকার পরিষদ থেকে রাশেদ খানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি জানান, আন্দোলন ও রাজনৈতিক সমন্বয়ের ধারাবাহিকতায় কৌশলগত সিদ্ধান্ত হিসেবে রাশেদ খানকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়। সে অনুযায়ী তিনি দলের পদ ছেড়ে বিএনপির সদস্য পদ গ্রহণ করে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নুরুল হক নুর আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের সময় থেকেই বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের রাজনৈতিক সমন্বয় ছিল। আন্দোলন-পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার ও ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠনের লক্ষ্যেই এই সমঝোতা অব্যাহত রয়েছে। রাশেদ খানের পদত্যাগের পর গণঅধিকার পরিষদে শিগগিরই ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, নুরুল হক নুর নিজেও বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে গলাচিপা আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ওই আসনে বিএনপি তাকে সমর্থন দিয়েছে।













