হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত মেডিকেল কলেজের অধ্যাপক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে তাকে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সেক্রেটারি জেনারেল পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে মেডিসিন বিভাগের অধ্যাপক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। আদেশটি ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে স্থায়ী বরখাস্তের ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেল স্বাক্ষরিত এক শোকজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন মন্তব্যের কারণে অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে বিডিএফের সেক্রেটারি জেনারেল পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং তা সংগঠনের নীতি ও শৃঙ্খলার পরিপন্থী।
প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকের একটি পোস্টের মন্তব্য ঘরে শহীদ ওসমান হাদিকে নিয়ে অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহের দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেয়।










