মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মিশরে এমফিল ডিগ্রি অর্জন করলেন ব্রাহ্মণবাড়িয়ার শরিফ উদ্দিন

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:২০ এম
মিশরে এমফিল ডিগ্রি অর্জন করলেন ব্রাহ্মণবাড়িয়ার শরিফ উদ্দিন

সহস্র বছরের জ্ঞান ও ঐতিহ্যের বাতিঘর, বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল (মাস্টার অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের তরুণ গবেষক শরিফ উদ্দিন মুহাম্মদ আব্দুল মান্নান। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উলুমুল ইসলামিয়া অনুষদ থেকে তিনি সর্বোচ্চ ফলাফল “মুমতাজ (Excellent) গ্রেড ডিগ্রি অর্জন করে একাডেমিক উৎকর্ষের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।শনিবার (১৩ ডিসেম্বর) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উলুমুল ইসলামিয়া অনুষদের ইমাম আহমাদ ইবনে তাইয়্যিব সেমিনার হলে তার এমফিল থিসিসের ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়। তার গবেষণার বিষয় ছিল “জাহিলি যুগ থেকে ইসলামী যুগে আরবি কবিতায় বীর চরিত্রের রূপান্তর”।  এই গবেষণায় আরবি সাহিত্যে বীরত্ববোধ, নৈতিকতা ও মূল্যবোধের ক্রমবিবর্তনকে ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপটে গভীর বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা গবেষক মহলে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করেছে।

থিসিস মূল্যায়নে মুনাকিশ (পরীক্ষক) হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুন নাসের মুহাম্মাদ আস-সাঈদ এবং অধ্যাপক ড. হাসান আব্দুর রহমান দাহশান। গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আলী আব্দুল ওয়াহহাব মুতাওয়ি‘ ও অধ্যাপক ড. গানেম সাঈদ গানেম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত কাউন্সিলর গৌতম কুমার দে। রাষ্ট্রদূত সামিনা নাজ এর প্রতিনিধি হিসেবে তার উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ করে তোলে। এছাড়া আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গবেষণার বিষয় নির্বাচন, বিশ্লেষণী গভীরতা ও উপস্থাপনায় পরীক্ষকবৃন্দ পূর্ণ সন্তোষ প্রকাশ করেন এবং সর্বসম্মতিক্রমে তাকে সর্বোচ্চ গ্রেড “মুমতাজ (Excellent)” প্রদান করা হয়।

শরিফ উদ্দিন মিশরে বাংলাদেশ ছাত্র সংগঠন ‘ইত্তিহাদ’ ও এর অঙ্গসংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’ এর সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার অন্তর্গত বিষ্ণুপুর, মহেশপুর গ্রামে। তিনি চাপিয়া, কসবা ও দারুস সুন্নাহ মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।২০১২–১৩ শিক্ষাবর্ষে জামিয়া দারুল আরক্বাম আল ইসলামিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকমীল সম্পন্ন করার পর উচ্চশিক্ষার লক্ষ্যে মিশরে পাড়ি জমান। ২০১৪ সালে আল-আজহার ইনস্টিটিউট থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। এরপর ২০১৮ সালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য অনুষদ থেকে অনার্স এবং ২০২০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে সুনামের সঙ্গে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আরবি সাহিত্য বিভাগ থেকে এমফিল থিসিস সম্পন্ন করে ৯০ শতাংশেরও বেশি গড় নম্বরসহ সর্বোচ্চ ফলাফল অর্জন করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পড়াশোনার পাশাপাশি তিনি মিশরে অবস্থানরত বাংলাদেশি ছাত্র সমাজের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মিশর এ তিনি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (২০১৬–১৭), সহ-সভাপতি (২০১৯–২০) এবং সভাপতি (২০২০–২১) হিসেবে দায়িত্ব পালন করেন। একই সংগঠনের (ইত্তিহাদ) উপদেষ্টা হিসেবেও তিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক