এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন ‘গণতান্ত্রিক সংস্কার জোট’-এর আত্মপ্রকাশ
তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত এ জোটের ঘোষণা আসে রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পাওয়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের গণ–অভ্যুত্থানের পর জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে এবং দেশকে পুরোনো রাজনৈতিক অচলাবস্থা থেকে বের করে আনতেই এই জোট গঠন করা হয়েছে। তিনি জানান, তিনটি দলের ঐক্য প্রক্রিয়া অনেক দিন থেকেই চলছিল এবং ভবিষ্যতে পরিবর্তনের পক্ষে থাকা অন্য দলগুলোও এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের মানুষ পুরনো রাজনৈতিক ধারা থেকে মুক্ত হতে চান। বিরোধী দলের সভায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা—এসব পুরোনো আচরণ থেকে জনগণ সরে এসেছে। তিনি দাবি করেন, নতুন প্রজন্মের নতুন ধরনের প্রতিবাদের কারণেই ‘ফ্যাসিবাদমুক্ত’ পরিস্থিতি তৈরি হয়েছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, তিন দল নিয়ে জোটের যাত্রা শুরু হলেও এটি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তারা আশা করছেন। দেশের রাজনৈতিক কাঠামোতে একটি নতুন বন্দোবস্ত গড়ে তুলতে এই জোট কাজ করবে।
সংবাদ সম্মেলনে জোটের অন্যান্য নেতাদের পাশাপাশি এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।
নতুন জোটের নেতারা জানিয়েছেন, তারা আসন্ন জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবে এবং গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে অগ্রাধিকার দেবে।













