বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার: মির্জা ফখরুল
ঢাকায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও তাঁর শারীরিক সক্ষমতা এখনো সেই অবস্থায় পৌঁছায়নি। তিনি বলেন, “বর্তমানে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তখন বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।”
এর আগে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসার অগ্রগতি হলে তাঁকে বিদেশে নেওয়া হতে পারে।
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গতকাল রাতে তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ার কথা দলের নেতারা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রায় আড়াই ঘণ্টা ধরেও বৈঠক করেছে। চিকিৎসকরা বিদেশে নেওয়াকে প্রয়োজনীয় বলে মত দিলেও তা বাস্তবায়ন নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।
তিনি আরও বলেন, “বিদেশে নেওয়ার জন্য যেসব দেশে নেওয়া হতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভিসা, এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে রাখা হয়েছে, যেন সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তেই ব্যবস্থা করা যায়।”
হাসপাতালের সামনে নেতা–কর্মীদের ভিড় না করার অনুরোধও জানান বিএনপি মহাসচিব।













