থাইল্যান্ডে ৩০০ বছরের সর্বোচ্চ বৃষ্টিতে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ১৪৫
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৫ জনে দাঁড়িয়েছে বলে শুক্রবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। পানি কমতে শুরু করায় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ পাচ্ছে।
দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানায়, টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় দক্ষিণের ১২টি প্রদেশে ১২ লাখের বেশি পরিবার এবং প্রায় ৩৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাংককে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র সিরিপং অংকাসাকুলকিয়াত বলেন, আটটি প্রদেশে বন্যায় ১৪৫ জন মারা গেছে। বিশেষ করে সঙখলা প্রদেশে পরিস্থিতি সবচেয়ে গুরুতর, যেখানে অন্তত ১১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
তিনি জানান, বিভিন্ন এলাকায় পানি আরও কমে যাওয়ায় উদ্ধার তৎপরতা তুলনামূলকভাবে সফল হচ্ছে।
পানি নামার পর সঙখলা প্রদেশে হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আগে যেসব এলাকা পুরোপুরি পানির নিচে ছিল, সেখানে উদ্ধারকর্মীরা প্রবেশ করতে সক্ষম হওয়ায় আরও লাশ উদ্ধার করা সম্ভব হচ্ছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শহর হাট ইয়াইয়ে।

দুর্যোগ বিভাগ শুক্রবার সকালে জানিয়েছে, অধিকাংশ এলাকায় পানি কমে এলেও কিছু স্থানে এখনো উচ্চমাত্রায় রয়েছে। আবহাওয়া দপ্তর বলেছে, দক্ষিণে বৃষ্টিপাত কমলেও কিছু এলাকায় বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
বন্যায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ আটকে পড়েছে, অনেক সড়ক অচল হয়ে গেছে এবং নিচু ভবন ও যানবাহন প্লাবিত হয়েছে।
শুক্রবার প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, বন্যার তীব্র স্রোতে ভেসে যাওয়া ভাঙা সড়ক, বিদ্যুতের খুঁটি, গৃহস্থালির সামগ্রী ও ধ্বংসাবশেষ রাস্তার পাশে স্তূপ হয়ে আছে। অনেক পরিত্যক্ত গাড়ি উল্টে গেছে বা একটির ওপর আরেকটি চেপে রয়েছে—সম্ভবত তীব্র স্রোতে সেগুলো ভেসে গিয়ে এমন অবস্থায় পড়ে।













