তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল
গণতন্ত্র নতুন পথে হাঁটবে, দিনের ভোট রাতে হবে না : অ্যাটর্নি জেনারেল
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত।
নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে দেশের গণতন্ত্রের জন্য মাইলফলক আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তাঁর মতে, এই রায় কার্যকর হলে ভোটাধিকার সুরক্ষিত হবে এবং ‘দিনের ভোট রাতে হওয়ার’ সংস্কৃতি আর ফিরে আসবে না।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিলের আগের রায়টি ত্রুটিপূর্ণ ছিল বলেই তা বাতিল করা হয়েছে। তিনি দাবি করেন, সে সময় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ রায়প্রণয়নকারী বিচারপতিরা দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ করেছেন—এ কথাও শুনানিতে উপস্থাপন করা হয়েছিল।
অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়ায় ভবিষ্যতের নির্বাচন আরও গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে। রায় অনুসারে, সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে।
তিনি আরও জানান, সংবিধানে ১৯৯৬ সালে যুক্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সাংবিধানিকভাবেই বৈধ—এ রায়ের মধ্য দিয়ে তা আবার নিশ্চিত হলো। তাঁর মতে, গণতন্ত্রকে শক্তিশালী করা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুলাই সনদে থাকা তত্ত্বাবধায়ক ব্যবস্থার কাঠামো পরিবর্তনের সুযোগ আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, সময়ের সঙ্গে জনগণের মতামত ও সংসদের আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে প্রয়োজনীয় সংশোধন আনা সম্ভব।
দেশের বিচারব্যবস্থা রাজনৈতিকভাবে প্রভাবিত কি না—এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, কোন রায় গণতন্ত্র ও আইনের শাসনকে সংহত করে, তা জনগণই বিচার করবে; বিচার বিভাগের অবস্থান নিয়ে সংশয়ে থাকার কিছু নেই।
রায় নিয়ে ভবিষ্যতে কোনো বিতর্ক সৃষ্টি হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।










