সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আশরাফুলের ২৬ টুকরো লাশ উদ্ধারে র‍্যাব-পুলিশের পৃথক সংবাদ সম্মেলন

ধৃত দুই আসামীর একজন বলছে- ত্রিভুজ প্রেম, আরেকজন বলছে- ফাঁদে ফেলে হত্যা

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:০০ পিএম
ধৃত দুই আসামীর একজন বলছে- ত্রিভুজ প্রেম, আরেকজন বলছে- ফাঁদে ফেলে হত্যা

রাজধানীর হাইকোর্ট মোড়ে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে খণ্ডিত হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। শনিবার সকালে পৃথক সংবাদ সম্মেলনে দুই সংস্থা গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে আলাদা ব্যাখ্যা তুলে ধরে। একজন সন্দেহভাজন বলেছেন এটি টাকার ফাঁদ; অন্যজন দাবি করেছেন প্রেমঘটিত দ্বন্দ্বই ছিল এই হত্যার মূল কারণ।

শুক্রবার রাতে রাজধানী ও কুমিল্লায় অভিযান চালিয়ে র‍্যাব ও পুলিশ দুজনকে আটক করে। তাঁরা হলেন জরেজুল ইসলাম (৩৯) এবং শামীমা আক্তার (৩৩)।

সকাল ১০টায় র‍্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে জানান, শামীমার বক্তব্য অনুযায়ী আশরাফুলকে একটি সাজানো ফাঁদে ফেলে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। পরে সেই পরিকল্পনাই হত্যায় রূপ নেয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এর দুই ঘণ্টা পর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, জরেজুলের দেওয়া বয়ান অনুযায়ী এটি ছিল ত্রিভুজ প্রেমের জটিলতার পরিণতি।

র‍্যাব বলছে, অর্থ আদায়ের জন্য ফাঁদ, তারপর হত্যা:
র‍্যাবের ব্যাখ্যা অনুযায়ী, শামীমা ও জরেজুলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে আশরাফুলকে জড়িয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়।

১১ নভেম্বর জরেজুল ও আশরাফুল রংপুর থেকে ঢাকায় আসেন। পরদিন শনির আখড়ায় একটি বাসা ভাড়া নেন, সেখানে শামীমাও উপস্থিত ছিলেন।

পরিকল্পনা অনুযায়ী, শামীমা শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন আশরাফুলকে। তিনি অচেতন হয়ে পড়লে তাঁদের দুজনের ভিডিও ধারণ করা হয় এবং সেটিই ব্যবহার করে টাকা আদায়ের পরিকল্পনা করা হয়।

১২ নভেম্বর দুপুরে আশরাফুল সম্পূর্ণ অচেতন হলে জরেজুল তাঁর হাত বেঁধে ফেলেন, মুখে স্কচটেপ লাগান এবং হাতুড়ি দিয়ে নির্বিচারে মারেন। অতিরিক্ত আঘাত ও শ্বাসরুদ্ধ হয়ে আশরাফুল মারা যান।

পরদিন সকালে দুটি প্লাস্টিকের ড্রাম ও অন্যান্য সরঞ্জাম এনে মরদেহ টুকরা করা হয়। পরে সিএনজি অটোরিকশায় করে হাইকোর্ট এলাকায় ড্রাম দুটি ফেলে রাখা হয়। র‍্যাব আশরাফুলের রক্তমাখা পোশাক, দড়ি, স্কচটেপসহ হত্যায় ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করেছে।

পুলিশ বলছে, পুরোনো প্রেমের জটিলতা থেকেই হত্যাকাণ্ড:
ডিবির ব্রিফিংয়ে বলা হয়, জরেজুল মালয়েশিয়ায় থাকাকালে একটি অ্যাপের মাধ্যমে তিন বছর আগে শামীমার সঙ্গে পরিচিত হন এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

জরেজুলের স্ত্রী বিষয়টি টের পেয়ে তাঁর ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলের সহায়তা চান। এভাবেই আশরাফুলের সঙ্গে শামীমার যোগাযোগ হয় এবং পরবর্তীতে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

শামীমা জরেজুলকে জাপানে পাঠানোর কথা বলে প্রায় ১৪ লাখ টাকার প্রস্তাব দেন, যার অর্ধেক তিনি নিজেই দেবেন বলে জানান। এই প্রক্রিয়ায় এগোতেই ১১ নভেম্বর আশরাফুল ও জরেজুল ঢাকায় আসেন এবং শনির আখড়ায় বাসা ভাড়া নেন।

ডিবি জানায়, বাসায় ওঠার পর জরেজুল জানতে পারেন আশরাফুল ও শামীমার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। এ নিয়ে তর্কে জড়ালে শামীমা চিৎকার শুরু করেন। এরপর আশরাফুলের হাত বেঁধে জরেজুল হাতুড়ি দিয়ে আঘাত করেন। পরে মুখে ওড়না গুঁজে স্কচটেপ লাগানো হয়। কিছুক্ষণের মধ্যেই আশরাফুল মারা যান। পরে দুজনে মিলে মরদেহ টুকরা করে ড্রামে ভরে হাইকোর্ট এলাকায় ফেলে আসে।

হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য দুই সংস্থার বিবরণে ভিন্ন হলেও তদন্ত চলছে বলে জানায় পুলিশ ও র‍্যাব। তদন্ত কর্মকর্তারা বলছেন, প্রযুক্তি, ফরেনসিক রিপোর্ট ও জিজ্ঞাসাবাদ—সব মিলিয়ে চূড়ান্তভাবে হত্যার কারণ ও ঘটনাক্রম পরিষ্কার হবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক