রায়পুরায় জমি নিয়ে বিরোধে চাচার হাতে ২ ভাতিজা খুন
ছবি- সংগৃহীত।
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু তাহেরের দুই ছেলে ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)।
পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকেই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরে অভিযুক্ত আউয়াল তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়া এবং আরও কয়েকজন দা ও লাঠিসোটা নিয়ে ফুরা মিয়ার বাড়িতে হামলা চালায়। ফুরা মিয়া ও শাকিল বাধা দিলে হামলাকারীরা তাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ফুরা মিয়া ও শাকিলসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফুরা মিয়া ও শাকিলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মনিরা বেগম নামে এক নারী চিকিৎসাধীন রয়েছেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা জানান, আহতদের হাসপাতালে আনা হয় বেলা পৌনে ১টার দিকে এবং হাসপাতালে পৌঁছার আগেই ফুরা মিয়া ও শাকিলের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
জমি সংক্রান্ত বিরোধে এমন মারাত্মক সহিংসতার ঘটনায় এলাকাবাসী শোকাহত। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।












