ইতালিতে মেয়াদোত্তীর্ণ মাহতাব–আলমগীর কমিটি বিলুপ্ত,নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
ইতালি আ’ লীগের কার্যকরী পরিষদের সিংহভাগ সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের মেয়াদোত্তীর্ণ মাহতাব–আলমগীর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
দলীয় বিভিন্ন অভিযোগ ও সাংগঠনিক অনিয়মের কারণে, সম্মেলনে উপস্থিত নির্বাচন কমিশন প্রধান কে. এম. লোকমান হোসেন এবং সদস্য আফতাব বেপারীর উপস্থিতিতে, ইতালি আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ ফকির আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
গত ২৬ অক্টোবর রোমের স্থানীয় একটি সম্মেলন কক্ষে ইতালি আ’ লীগের কার্যকরী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিলুপ্ত ঘোষণার পরপরই উপস্থিত শতাধিক নেতৃবৃন্দের সর্বসম্মত মতামতের ভিত্তিতে গঠন করা হয় নতুন আহ্বায়ক কমিটি। নতুন এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ ফকির, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. রব মিন্টু।
এছাড়াও ইতালি আ’ লীগের সহসভাপতি আলী আজম, গণি মাতবর, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সিদ্দিকী, আফসার বেপারী, শেখ ইসহাক, সাংগঠনিক সম্পাদক জি. আর. মানিক, রাজীব রহমান, এ. আর. আহমেদ তপু, মহিলা নেত্রী রিনা কবির ও নিগার সুলতানা মিতা, শ্রমিক লীগ সভাপতি ইলিয়াস মোল্লা, সাধারণ সম্পাদক নাসিম হাওলাদার, রোম মহানগর আ’ লীগের সভাপতি স্বপন হাওলাদার, বঙ্গবন্ধু পরিষদ ইতালীর সভাপতি নুরুল কবির সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কমিটি বিলুপ্তির কারণ ও অভিযোগ: নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, মাহতাব–আলমগীরের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও নিজেদের পদ ব্যবহার করে আসছিল এবং সংগঠনের অভ্যন্তরে পদ বাণিজ্য, স্বজনপ্রীতি, ও তৃণমূল কর্মীদের অবমূল্যায়নের মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিল। অনেক যোগ্য ও পরিশ্রমী নেতাকে উপেক্ষা করে কেবল ঘনিষ্ঠদের পদোন্নতি দেওয়া হয়েছিল যা প্রবাসে আ’ লীগের ঐক্যে ফাটল সৃষ্টি করেছিল।
নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আ’ লীগ গড়ে তুলব। “যারা সংগঠনকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছে, তাদের কোনো স্থান আ’ লীগে নেই।” প্রবাসে বঙ্গবন্ধুর সৈনিকরা আর কোনো বিভক্তি দেখতে চায় না। আমরা নব উদ্যমে এগিয়ে যাব।
তারা আরও জানান, শেখ হাসিনার নির্দেশ ও কেন্দ্রীয় আ’ লীগের নীতিমালার আলোকে ইতালি আ’ লীগ এখন থেকে পরিচালিত হবে। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে আগামী দিনে আমরা মাঠে থাকব।
কার্যকরী পরিষদের শতাধিক সদস্যের সাক্ষর ও সমর্থনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।তাদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে ইতালি আ’ লীগের সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত, গণমুখী ও গতিশীল হবে। এছাড়া তারা আহ্বান জানান, আজকের পর থেকে মাহতাব–আলমগীরের বিলুপ্ত কমিটির কোনো সদস্য যেন পদ-পদবী ব্যবহার না করে। যদি কেউ ব্যবহার করে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নেতৃবৃন্দ।













