রাগের মাথায় বিচ্ছেদের ঘোষণা, এখন আবার একসঙ্গে মাহি–রাকিব
দেড় বছর আগে বিচ্ছেদের ঘোষণা দিয়ে আলোচনায় আসা চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাকিব সরকার আবারও আলোচনায়। সম্প্রতি ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করার পর শুরু হয় নতুন গুঞ্জন—তাহলে কি সম্পর্কের বরফ গলেছে? আবার এক হয়েছেন মাহি ও রাকিব? এই প্রশ্নের জবাবে মাহি নিজেই জানান, “আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার প্রশ্নই ওঠে না।”

দেড় বছর আগে তিনি জানিয়েছিলেন, রাকিবের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল, তাই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। তখন মাহি বলেছিলেন, “আমরা দুজনই চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে কোনো ফল হয়নি। তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাটাই ভালো মনে হয়েছিল। রাকিব এখনও ফারিশের প্রতি একজন যত্নশীল বাবা।” এবার সেই ঘোষণার কারণ ব্যাখ্যা করে মাহি বলেন, “আমি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।”

বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রাকিব সরকারের অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও তাঁদের সাম্প্রতিক ছবিটি নিয়ে কৌতূহল ছিল অনেকের। বিষয়টি পরিষ্কার করে মাহি আরও বলেন, “ছবিটা আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করিনি। এখন উইকিপিডিয়ায় ভুলভাবে লেখা আছে যে আমাদের ডিভোর্স হয়েছে—তাই ভুল ধারণা দূর করতেই ছবিটা পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘Married’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।”
বিয়ের পর থেকে রাকিবের সঙ্গে নানা মুহূর্তের ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন মাহি। তবে দীর্ঘ বিরতির পর গত সোমবার রাতে তিনি স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে শুধু লেখেন, “মাশাআল্লাহ।” এর প্রায় এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেন রাকিব সরকারও। এতে নেটিজেনদের ধারণা আরও পোক্ত হয়—বিচ্ছেদের নয়, বরং নতুন বোঝাপড়ার দিকেই এগোচ্ছেন মাহি ও রাকিব।













