সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াভহ আগুন: বিমান চলাচল বন্ধ

প্রবাহ বাংলা সংবাদ প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:৩৬ পিএম
ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াভহ আগুন: বিমান চলাচল বন্ধ

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ — আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অগ্নিনির্বাপক বাহিনীর ৩০টিরও বেশি ইউনিট, বিমানবাহিনী, নৌবাহিনী ও বিমানবন্দরের নিজস্ব দমকল দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগে বিমানবন্দরের গেট নম্বর ৮–এর পাশের কার্গো ভিলেজ এলাকায়, যেখানে আমদানি করা পণ্য সামগ্রী সংরক্ষিত থাকে। বিকেল ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ আগুন দেখা যায় এবং মুহূর্তেই তা গুদাম ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। গুদামের ভেতরে দাহ্য পণ্য ও প্যাকেজিং সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ধোঁয়া দূর থেকে দেখা যাচ্ছে, এমনকি বিমানবন্দরের রানওয়েতেও দৃশ্যমান হয়ে ওঠে ধোঁয়ার কালো মেঘ।

বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, “জনগণ ও গণমাধ্যমকে অনুরোধ করছি, কেউ যেন আতঙ্ক ছড়ায় না। আগুন নিয়ন্ত্রণে আসলেই আমরা ধাপে ধাপে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করব।” ইতোমধ্যে যেসব ফ্লাইট ঢাকায় নামার কথা ছিল, সেগুলোকে চট্টগ্রাম ও কলকাতা বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কয়েকটি ট্যাক্সিওয়েতে থাকা বিমান আপাতত স্থগিত অবস্থায় রয়েছে এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)-এর দুইটি প্লাটুন বিমানবন্দর এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য কারণ অনুসন্ধান করছে। ধারণা করা হচ্ছে, কার্গো গুদামে বৈদ্যুতিক ত্রুটি বা দাহ্য রাসায়নিক পদার্থের সংস্পর্শ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

বিমানবন্দরের একাধিক গুদাম ও পণ্য সংরক্ষণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কার্গো পরিচালনাকারী সংস্থাগুলোকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও কার্গো মালিকদেরও পণ্য ট্র্যাকিং ও ক্ষতির হিসাব নিতে বলা হয়েছে।

এই ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের বিমান পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে রাতভর কাজ চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই তদন্ত কমিটি গঠন করে ঘটনাটির প্রকৃত কারণ ও দায় নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

বিমানবন্দরে সর্বশেষ পাওয়া তথ্যে দেখা গেছে, আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি, তবে নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা চলছে। চারপাশে প্রচণ্ড তাপমাত্রা ও ধোঁয়ার কারণে উদ্ধারকাজে বাধা তৈরি হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হলে বিমান চলাচল ধীরে ধীরে পুনরায় শুরু করা হবে।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বহু যাত্রী তাদের ফ্লাইট বাতিল বা বিলম্বের খবর জানিয়েছেন। সাধারণ মানুষ আতঙ্কিত হলেও প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অগ্নিকাণ্ড, যা দেশের বিমান পরিবহন ব্যবস্থার নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক