শ্রমিক সংকট মোকাবিলায় ৮২টি পেশায় অস্থায়ী ভিসা চালু করছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যে শ্রমিক ঘাটতি দূর করতে নতুন অভিবাসন কর্মসূচির আওতায় ৮২টি মধ্য-দক্ষতার পেশায় অস্থায়ী কর্ম ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই পেশাগুলোর তালিকা প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (MAC)।
ইংলিশ চ্যানেল হয়ে অনিয়মিত পথে অভিবাসীদের প্রবেশ নিয়ে ভোটারদের উদ্বেগ বাড়ায়, দেশটির প্রধানমন্ত্রী কাইর স্টারমার অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিচ্ছেন বলে বিশ্লেষকেরা মনে করছেন। সাম্প্রতিক জরিপে পপুলিস্ট দল রিফর্ম ইউকে-এর জনপ্রিয়তা বৃদ্ধি এবং লেবার পার্টির সমর্থন কমে যাওয়ায় স্টারমার রাজনৈতিক চাপের মুখে পড়েছেন।
অন্যদিকে, মন্থর অর্থনীতি ও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে কর্মী সংকট তীব্র আকার ধারণ করায় সরকার বিদেশি শ্রমিক নিয়োগের দিকে ঝুঁকছে।
এমএসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তাবিত তালিকার পেশাগুলিতে অভ্যন্তরীণ শ্রমশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অভিবাসী শ্রমের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর পরিকল্পনাও থাকতে হবে।
প্রস্তাবিত ৮২টি পেশার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, ফটোগ্রাফার, অনুবাদক, লজিস্টিক ম্যানেজারসহ আরও কয়েকটি মধ্য-দক্ষতার কাজ।
কমিটির পরামর্শ অনুযায়ী, যোগ্য প্রার্থীদের ৩ থেকে ৫ বছরের অস্থায়ী ভিসা দেওয়া যেতে পারে। তবে এই ভিসাধারীরা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ পাবেন না, যদি না সরকার ভবিষ্যতে নীতিমালা পরিবর্তন করে।
অভিবাসনপ্রার্থীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতা প্রমাণ করতে হবে এবং সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ ও নিয়োগে অংশগ্রহণের পরিকল্পনা দাখিল করতে হবে।
এই প্রস্তাবের দ্বিতীয় ধাপের পর্যালোচনা ২০২৬ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হবে, তখনই চূড়ান্ত পেশার তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখযোগ্যভাবে, কানাডা ও অস্ট্রেলিয়াতেও এরকম ভিসা প্রকল্প চালু আছে, যেখানে স্বাস্থ্যসেবা, প্রকৌশল এবং দক্ষ শ্রমঘাটতি মোকাবিলায় বিদেশি কর্মীদের সুযোগ দেওয়া হয়।
সম্প্রতি দুই দিনের ভারত সফরে প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন, ভারতের সঙ্গে ভিসা-সংক্রান্ত চুক্তি করার কোনো পরিকল্পনা নেই। তাঁর মতে, এর আগেও এই ইস্যু দুই দেশের বাণিজ্য আলোচনায় বাধা সৃষ্টি করেছিল।













